দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোট দিয়েছেন প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা। রবিবার সকাল ৮টায় সিটি কলেজ কেন্দ্রে ভোটাধিকার প্রয়োগ করেন তিনি।
এ সময় তার সঙ্গে ছিলেন প্রধানমন্ত্রীর কন্যা ও অটিজম বিশেষজ্ঞ সায়মা ওয়াজেদ পুতুল। প্রধানমন্ত্রীর পরে তিনিও ভোটাধিকার প্রয়োগ করেন।
ভোট প্রদান করার পরে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন প্রধানমন্ত্রী। তিনি বলেন, আলহামদুলিল্লাহ! আজকে ইলেকশনটা যে আমরা সুষ্ঠুভাবে করতে পারছি তার জন্য আমি আমার দেশের প্রতি, দেশের মানুষের প্রতি, জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই। অনেক বাধা ছিল, অনেক বিপত্তি ছিল, কিন্তু দেশের মানুষ তারা তাদের ভোটের অধিকার সম্পর্কে সচেতন হয়েছেন।
তিনি বলেন, পাঁচ বছর শেষ করার পর নতুন সরকার আসবে, জনগণ তার ইচ্ছেমত ভোট দিবে। আর সেই ভোট দেওয়ার পরিবেশটা আমরা তৈরি করতে পেরেছি।
বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করেনা, দেশের কল্যাণ চায় না উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, বিএনপি এবং জামায়াত জোটরা জ্বালাও-পোড়াও অনেক কিছু করেছে। ট্রেনে আগুন দেওয়া থেকে শুরু করে গাড়িতে আগুন দেওয়া, মানুষকে বাধা দেওয়া, বোমা হামলা, ককটেল মারার মতো কাজগুলো যারা করেছে তারা গণতন্ত্রে বিশ্বাস করেনা, তারা দেশের কল্যাণ চায় না।
তিনি বলেন, বাংলাদেশে ২০০৯ সাল থেকে গণতন্ত্রের ধারা অব্যহত আছে বলেই দেশের এত উন্নয়ন হয়েছে।