আজ রোববার (৭জানুয়ারি) সকাল থেকে শুরু হওয়া দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটার উপস্থিতি এখনো যথেষ্ট নয় বলে জানিয়েছেন যুক্তরাজ্যের পার্লামেন্ট মেম্বার ও নির্বাচনী পর্যবেক্ষক মার্টিন ডে। তবে ভোটের পরিবেশ ভালো বলে জানিয়েছেন তিনি।
রোববার (৭ জানুয়ারি) সকালে বিভিন্ন ভোটকেন্দ্র পরিদর্শনের পর সাংবাদিকদের তিনি এসব কথা জানান।
ভোট কেন্দ্র পরিদর্শনের পর মার্টিন ডে বলেন, এখনো ভোটার উপস্থিতি যথেষ্ট নয়। আশা করছি এ সংখ্যা বাড়বে। এখনই কোনো মন্তব্য করছি না। পর্যবেক্ষণ করছি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ৩৪ দেশের ১২৬ জন বিদেশি পর্যবেক্ষক নির্বাচন কমিশনের অনুমোদন পেয়েছেন। প্রায় ৭০ জন এরইমধ্যে ঢাকায় এসেছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন পর্যবেক্ষণের জন্য ২২৭ জন বিদেশি নির্বাচন কমিশনে আবেদন করেছিলেন। বিদেশি পর্যবেক্ষকদের মধ্যে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের কূটনীতিকরাও ছিলেন। এদের মধ্যে ১২৬ জন বিদেশিকে নির্বাচনে পর্যবেক্ষকের দায়িত্ব পালনের অনুমোদন দিয়েছে কমিশন।
