নারায়ণগঞ্জ-১ আসনের নৌকার প্রার্থী গোলাম দস্তগীর গাজীর পক্ষে প্রকাশ্যে ভোটারদের টাকা দিচ্ছেন মুড়া পাড়া ইউনিয়নের ৯নং ওয়ার্ড আওয়ামী লীগের সদস্য হজরত আলী ভূঁইয়া।
বেলা সাড়ে ১০টা থেকে তাকে গঙ্গানগর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রের সামনে দাঁড়িয়ে থাকতে দেখা যায় এবং ভোট দিয়ে ফিরে আসা নারী ও পুরুষ প্রার্থীদের হাতে লুকিয়ে টাকা দিতে দেখা যায়।
বেলা ১০.৪৫ এর দিকে আনোয়ার নামে এক ভোটারের সঙ্গে তাকে তর্ক করতে দেখা যায় তাকে। এ সময় হজরত আলী ভূঁইয়া আনোয়ারকে বলেন, যা দেওয়ার তা তোর বউকে দিয়ে এসেছি। ভোটটা দিয়ে আয়, কিন্তু আনোয়ার বলেন, আমার কাছে না দিলে হবে না। কি নিয়ে কথা বলছেন জানতে চাইলে তারা দুজন দু’দিকে চলে যান।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার জানান, টাকা যা দেওয়ার গতকাল রাতেই দেওয়া হয়েছে। এখন শুধু গাড়ি ভাড়া ও নাস্তার খরচ দেওয়া হচ্ছে।
এবার ত্রিমুখী লড়াইয়ের আভাস দিচ্ছে নারায়ণগঞ্জ-১ আসনের ভোটের মাঠ। আসনটিতে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী গোলাম দস্তগীর বিপরীতে স্বতন্ত্র প্রার্থী হয়েছেন আওয়ামী লীগের স্বতন্ত্র প্রার্থী শাহজাহান ভূঁইয়া। এ দুই প্রার্থীর সাথে আলোচনায় আছেন তৃণমূল বিএনপির মহাসচিব তৈমুর আলম খন্দকার।
