শাবনূরকে নিয়ে সিনেমার ঘোষণায় নির্মাতাকে হুমকি

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০২:১৭ পিএম

অস্ট্রেলিয়া থেকে ফিরেই নতুন দুই সিনেমার ঘোষণা দেন জনপ্রিয় চিত্রনায়িকা শাবনূর। এরই মধ্যে নায়িকা অংশ নিয়েছেন ‘মাতাল হাওয়া’র রিহার্সালে। চয়নিকা চৌধুরীর পরিচালনায় এতে তার বিপরীতে দেখা যাবে মাহফুজ আহমেদকে। অবশ্য ইতিমধ্যেই শাবনূরের নতুন আরেক সিনেমা ‘রঙ্গনা’র ফার্স্ট লুকও দেখেছেন তার ভক্ত-দর্শকরা।

এদিকে, শাবনূরকে নিয়ে অনেক আগেই ‘দুই নয়নের আলো’র সিক্যুয়াল নির্মাণের ঘোষণা দেন এর নির্মাতা মোস্তাফিজুর রহমান মানিক। শুধু তাই নয়, শাবনূরের বায়োপিকও বানাতে চান তিনি।

এবার শাবনূরের জন্য এই নির্মাতাকে হুমকি দিলেন অজ্ঞাত একজন। এই নায়িকাকে নিয়ে কোনো সিনেমা বা কাজ না করার হুমকি দেওয়া হয়েছে তাকে।

মোস্তাফিজুর রহমান মানিক বলেন, ‘জানি না, একে কী বলব! ০১৭০৪৫৬৪৯৪৩ এই নম্বর থেকে ফোন করে আমাকে হুমকি দেওয়া হয়েছে। বলা হয়েছে, আমি যেন শাবনূর আপাকে নিয়ে কোনো কাজ না করি। তার কথা না মানলে আমার খুব ক্ষতি হবে। আমি হুমকিদাতার পরিচয় জানার চেষ্টা করছি। এরপর প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

২০০৫ সালে মানিকের ‘দুই নয়নের আলো’ সিনেমায় অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছিলেন শাবনূর। শুধু তাই নয়, এতে গান গেয়ে জাতীয় চলচ্চিত্র পুরস্কার পান কণ্ঠশিল্পী সাবিনা ইয়াসমিন ও মনির খানও।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত