সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের কেন্দ্র পরিদর্শন করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মিহির লাল সাহা।
রবিবার ঢাকা-৮ আসনের আওতাধীন ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রগুলো সাইকেল চালিয়ে ঘুরে ঘুরে দেখেন তিনি। অধ্যাপক ড. মিহির বিশ্ববিদ্যালয়ের সিনেট সদস্য, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন।
জানতে চাইলে দেশ রূপান্তরকে তিনি বলেন, আমরা শান্তিপূর্ণ পরিবেশে ভোট দিতে চাই। আমি নিজে সকাল বেলা ভোট প্রদান করে পরিবেশবান্ধব বাহন সাইকেল চালিয়ে ক্যাম্পাসে অবস্থিত কেন্দ্রগুলোর ভোটের পরিস্থিতি দেখছি। ভোটের পরিবেশ পরিবেশ বান্ধব হওয়া উচিত, এ কারণে প্রাইভেট কারে না চড়ে সাইকেল ব্যবহার করছি।
তিনি বলেন, আমরা সকলে মিলে চেষ্টা করলে একটি সুন্দর দেশ উপহার দিতে পারব। সুন্দর দেশ উপহার দিতে হলে একটা সুন্দর নির্বাচনও দরকার। আমরা সে প্রত্যাশা রাখি। যারা ভোটার তারা নিজ বিবেচনায় এসে ভোটাধিকার প্রয়োগ করবে।
উল্লেখ্য, ঢাকা-৮ আসনের অধীনে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ৫টি ভোট কেন্দ্র রয়েছে। ভোট কেন্দ্রগুলো হলো ইউনিভার্সিটি ল্যাবরেটরি স্কুল এন্ড কলেজ, উদয়ন স্কুল, সায়েন্স এনেক্স বিল্ডিং, কার্জন হল, চারুকলা অনুষদ। এসব কেন্দ্রে প্রায় ১০ হাজার ভোটার রয়েছেন।
