ফিলিস্তিনি পর্যবেক্ষকের চোখে বাংলাদেশের ভোটগ্রহণ চিত্র

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:২৬ পিএম

‘খুবই নীরবতা ও শান্তিপূর্ণভাবে বাংলাদেশে ভোট গ্রহণ হয়েছে’, বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করে এই মন্তব্য করেছেন ফিলিস্তিনের সেন্ট্রাল ইলেকশন কমিশনের সিইও হিসাম এম.ওয়াই কুহেইল।

সংবাদমাধ্যম আল জাজিরা জানিয়েছে, কয়েকটি কেন্দ্রে ভোটগ্রহণ পর্যবেক্ষণ করে ঢাকায় গণমাধ্যমকে এসব কথা বলেন ফিলিস্তিনি এই নির্বাচন পর্যবেক্ষক।

তিনি বলেছেন, ‘আমরা যেসব কেন্দ্রে গিয়েছি সেসব জায়গায় খুবই নীরব এবং শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এরকম শান্তিপূর্ণ নির্বাচন করতে পারায় আপনাদের দেশের জনগণের গর্বিত হওয়া উচিৎ।’

আল জাজিরার দাবি, এসময় ফিলিস্তিনি এ পর্যবেক্ষককে ভোটার উপস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে, তা তিনি এড়িয়ে যান। তিনি বলেন, ‘আমরা এখানে ভোট গ্রহণ প্রক্রিয়া কেমন, ভোটাররা ভাল ভাবে ভোট দিতে পারছে কিনা অথবা নিয়ম মেনে ভোটগ্রহণ করা হচ্ছে কিনা এসব দেখতে এসেছি।’  

তিনি আরও বলেন, ‘আমি এখানে রাজনৈতিক পরিবেশ কেমন তা দেখতে আসিনি। আর এটা করতে হলে আমার এখানে কমপক্ষে ১ মাস থাকা উচিৎ।’

আল জাজিরা বলছে, অসুস্থ সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার দল বিএনপি ‘ভুয়া’ আখ্যা দিয়ে এই ভোট প্রত্যাখ্যান করেছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ না করায় এবং বিরোধীদের দাবি অনুযায়ী তত্ত্বাবধায়ক সরকারের অধীনে নির্বাচন না দেওয়ায় এই সিদ্ধান্ত নেয় বিএনপি।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত