ভোট বর্জন করায় দেশবাসীকে ধন্যবাদ দিলেন চরমোনাই পীর

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৪, ০৬:৪৪ পিএম

নির্বাচন বর্জন করে সেন্টারে গিয়ে ভোট না দেওয়ায় দেশপ্রেমিক ঈমানদার জনতাকে অভিনন্দন জানিয়েছেন মুফতী সৈয়দ রেজাউল করীম পীর সাহেব চরমোনাই। আজ রবিবার দেওয়া এক বিবৃতিতে তিনি এ কথা বলেন।

ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর আমীর বলেন, ভোট বর্জনের মাধ্যমে সচেতন দেশবাসী স্বৈরাচারী সরকারকে লাল কার্ড দেখিয়ে প্রমাণ করলো দলীয় সরকারের পাতানো তথাকথিত এ নির্বাচনের নাটক শুধু দেখতেই চায় না, ঘৃণাভরে প্রত্যাখ্যাণ করেছে।

তিনি গোটা দেশে ভোটারবিহীন ভোট কেন্দ্রগুলোর করুণ দশা পরিলক্ষিত হতে দেখে বলেন, দলান্ধ, বধির নির্বাচন কমিশন ভোটপ্রদানের পার্সেন্টিসের যে কল্পকাহিনী উল্লেখ করেছে তা হাস্যকর ও মিথ্যা।

তিনি বলেন, কোথাও রাতে সিল মেরে ব্যালট বাক্স ভরে রাখা, কোথাও প্রকাশ্যে গুন্ডাবাহিনীর ব্যালটপেপারে সিল মারার হলি খেলার ঘটনা ঘটিয়ে ভোটারবিহীন ভোটের আইওয়াস কাউন্ট করা হয়েছে।

পীর চরমোনাই বলেন, দেশব্যাপী ভোটাধিকার প্রতিষ্ঠার আন্দোলন-এর দাবানল যেভাবে জ্বলে উঠছে, দেশবাসী জাতীয় সরকারের অধীনে একটি গ্রহণযোগ্য সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মাধ্যমে তা প্রশমিত করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত