ঢাকা-৭ আসনে হাতপাখার গণমিছিল

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ০৯:০৭ পিএম

নির্বাচনী প্রচারণার শেষ দিনে গণসংযোগ ও মিছিল করেছে ঢাকা-৭ আসনে ইসলামী আন্দোলন মনোনীত প্রার্থী আলহাজ্ব আব্দুর রহমান। সোমবার (৯ ফেব্রুয়ারি) বিকেলে হাতপাখা প্রতিকে ভোট চেয়ে কামরাঙ্গীরচর থেকে তাঁতীবাজার পর্যন্ত নেতাকর্মী ও সমর্থকদের নিয়ে মিছিল করেন তিনি। 

মিছিলটি কামরাঙ্গীরচর খালপার রোড থেকে শুরু হয়ে লোহার ব্রিজ, লালবাগ কেল্লা, উর্দু রোড, চকবাজার জেলখানার মোড়, বংশাল ও মাহুতটুলি অতিক্রম করে নয়াবাজার ও বাবুবাজার হয়ে ইসলামপুর ও কোতোয়ালি থানার তাঁতীবাজারে এসে শেষ হয়। এ সময় নেতাকর্মীরা হাতপাখা মার্কার সমর্থনে নানা স্লোগান দেন।

মিছিল শেষে অনুষ্ঠিত সমাবেশে ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কৃষি ও শিল্প বিষয়ক সম্পাদক এবং ঢাকা ৭ আসনের হাতপাখা প্রতীকের প্রার্থী আলহাজ আব্দুর রহমান এলাকার নানা সমাস্য সামাধানের প্রতিশ্রুতি দেন। চাঁদাবাজমুক্ত ঢাকা-৭ আসন গড়ার প্রতিশ্রুতি দিয়ে তিনি বলেন, দীর্ঘদিনের গ্যাস সংকট ও সুয়ারেজ সমস্যার স্থায়ী সমাধান করা হবে। জলাবদ্ধতা নিরসনে গড়ে তোলা হবে আধুনিক ড্রেনেজ ব্যবস্থা। মাদকের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা হবে। 

তিনি আরও বলেন, আমরা এই জনপদে পরিবর্তনের যাত্রা শুরু করেছি। জনগণের অধিকার আদায়ে হাতপাখা প্রতীকের কোনো বিকল্প নেই। এ সময় আরও উপস্থিত ছিলেন দলের ঢাকা-৭ আসন নির্বাচন বাস্তবায়ন কমিটির আহবায়ক এম এইচ মোস্তফা, ইসলামী মুক্তিযোদ্ধা পরিষদের কেন্দ্রীয় সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেমসহ ওই এলাকার থানা ও ওয়ার্ডের অঙ্গ সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত