তীব্র প্রতিদ্বন্দ্বিতার পর জয়ী বেঙ্গল চেয়ারম্যান

আপডেট : ০৮ জানুয়ারি ২০২৪, ১২:৪৪ এএম

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ ও সোনাইমুড়ী উপজেলার একাংশ) আসন থেকে জয়ী হয়েছেন নৌকার প্রার্থী মোরশেদ আলম। গতকাল রবিবার বেসরকারি ফলাফলে মোরশেদ আলম পেয়েছেন ৫৬ হাজার ১৮৬ ভোট। তার নিকটতম স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান ভূঁইয়া পেয়েছেন ৫২ হাজার ৮৬৩ ভোট।

এর আগে, এদিন সকাল সাড়ে ১০টার দিকে সেনবাগ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট দেন মোরশেদ আলম। নোয়াখালী-২ আসনে ভোটার ৩ লাখ ৬০ হাজার ৪৬৪ জন। এর মধ্যে পুরুষ ভোটার ১ লাখ ৮৫ হাজার ৯২৭ ও নারী ভোটার ১ লাখ ৭৪ হাজার ৪৯১ জন।

বেসরকারি মার্কেন্টাইল ব্যাংকের উদ্যোক্তা পরিচালক ও চেয়ারম্যান মোরশেদ আলম এবারও আওয়ামী লীগের প্রার্থী হিসেবেই সংসদ হিসেবে জয় পেয়েছেন। তিনি বেঙ্গল গ্রুপ অব ইন্ডাস্ট্রিজের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান। দশম ও একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ী) আসন থেকে দুবারের নির্বাচিত সংসদ সদস্য। তিনি ফের ঠাঁই পেলেন সংসদে।

এবারের নির্বাচনে শত কোটিপতি যেসব প্রার্থী রয়েছেন, মোরশেদ আলম তাদের মধ্যে অন্যতম। নির্বাচনী হলফনামায় তিনি ১৭৪ কোটি ৩৪ লাখ টাকা মূল্যের সম্পদের তথ্য দেন।

শিল্পোদ্যোক্তা, সিআইপি মোরশেদ আলম পুঁজিবাজারে তালিকাভুক্ত ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্সের চেয়ারম্যান। মোরশেদ আলম কোম্পানির একজন অন্যতম উদ্যোক্তা। তিনি ব্যাংক ও বীমা সেক্টরের অন্যতম পথিকৃৎ। তিনি খ্যাতনামা বেঙ্গল গ্রুপ ও টিভি চ্যানেল আরটিভির চেয়ারম্যান। এ ছাড়া তিনি রপ্তানিমুখী প্লাস্টিক, গার্মেন্টস, কেমিক্যাল, ফুড প্রসেসিং শিল্পসহ বিভিন্ন ব্যবসায় জড়িত। রপ্তানি বাণিজ্যে বিশেষ অবদানের জন্য তিনি একাধিকবার জাতীয় রপ্তানি ট্রফি স্বর্ণ ও রৌপ্যপদক লাভ করেন এবং বহুবার সিআইপি নির্বাচিত হন।

গত ২৮ ডিসেম্বর স্বতন্ত্র প্রার্থী আতাউর রহমান মানিকের বিরুদ্ধে পরিকল্পিতভাবে হামলা, মামলা, হত্যাচেষ্টা, অগ্নিসংযোগ ও নির্বাচনী অফিস ভাঙচুর করেন মোরশেদ আলম। এর আগে গত ২৫ ডিসেম্বর এক নির্বাচনী পথসভায় সংসদ সদস্য মোরশেদ আলমকে জুতাপেটার চেষ্টা করেন আলাউদ্দিন আলো নামের এক যুবক। উপস্থিত লোকজন আলাউদ্দিনকে ধরে পিটুনি দেন। সেখান থেকে পালিয়ে গেলেও পরে ওই যুবককে তার বাসা থেকে গ্রেপ্তার করে পুলিশ।

তিনি ১০ম ও ১১তম জাতীয় নির্বাচনে নোয়াখালী-২ (সেনবাগ-সোনাইমুড়ি) আসন থেকে দুইবারের নির্বাচিত সংসদ সদস্য। এ ছাড়া তিনি পিপলস ইউনিভার্সিটি অব বাংলাদেশ-এর ট্রাস্টি হিসেবে দায়িত্ব পালন করছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত