রাজধানীর তেজগাঁওয়ে এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমে থাকা একটি প্রাইভেটকারে বাসের ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও একজন।
আজ সোমবার (৮ জানুয়ারি) সন্ধ্যায় তেজগাঁওয়ের নাখালপাড়ার হোসেন আলী স্কুলের পাশে এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মিলন। আহত ব্যক্তির নাম মাহবুব, তিনি ওই গাড়ির যাত্রী ছিলেন।
তেজগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহসীন গণমাধ্যমকে জানান, বিকল হয়ে একটি প্রাইভেটকার এলিভেটেড এক্সপ্রেসওয়েতে থেমেছিল। তখন পেছন দিক থেকে এসে একটি বাস ওই গাড়িকে ধাক্কা দেয়। এতে এই হতাহতের ঘটনা ঘটে। হতাহতদের হাসপাতালে নেওয়া হয়েছে।
তিনি আরও জানান, দুর্ঘটনাকবলিত প্রাইভেটকার ও বাস জব্দ করা হয়েছে। তবে, বাসের চালক পলাতক।
