ডা. জোবায়ের হোসেন রাসেল। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে টেলিভিশন প্রতীক নিয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন। অথচ নিজের ভোটটিও নিজের প্রতীকে না দিয়ে নৌকা প্রতীকে দিয়েছেন। নৌকা প্রতীকে সিল মারা এমন একটি ব্যালট পেপার হাতে নিয়ে নিজের ফেসবুক ওয়ালে নিজেই পোস্ট করেছেন ওই প্রার্থী।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পটুয়াখালী-২ (বাউফল) আসনে প্রার্থী হন বাংলাদেশ ন্যাশনালিস্ট ফ্রন্ট-বিএনএফের জোবায়ের হোসেন রাসেল (টেলিভিশন)।
নির্বাচনের শুরুতেই নৌকা ও টেলিভিশন প্রতীক ছাড়া অন্য কোনো প্রতীকের তেমন কোনো প্রচার লক্ষ করা না গেলেও নির্বাচনী প্রচারের শেষ দিকে লাঙ্গল ও সোনালি আঁশ প্রতীকের নামমাত্র প্রচার দেখা গেছে। জোবায়ের রাসেল প্রচারকালে নিরাপত্তার জন্য প্রশাসনের কাছে আবেদন করেছিলেন। এরপর তিনি পুলিশি নিরাপত্তা নিয়ে প্রচারও চালিয়েছেন।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভোটার ক্ষোভের সঙ্গে বলেন, ‘ভাবতে পারেন, টেলিভিশন মার্কায় ভোট দিলাম আমি। কিন্তু যাকে দেখে ভোট দিলাম সে কি না ভোট দেয় নৌকায়। একে কী বলা যায়?’
এ বিষয়ে প্রশ্নের জবাবে ডা. জোবায়ের হোসেন রাসেল দেশ রূপান্তরকে বলেন, ‘আমি তো নৌকার লোক। আমার রক্তে আওয়ামী লীগ। আমি নির্বাচন করেছি দেশের স্বার্থে। এমন সুন্দর নির্বাচন তিনি আর কখনো দেখেননি বলে দাবি করেন।’
পটুয়াখালী-২ আসনে নৌকা প্রতীকের আ স ম ফিরোজ ১ লাখ ২৪ হাজার ২৯২ ভোট পেয়ে নির্বাচিত হন। আর টেলিভিশন প্রতীকের ডা. জোবায়ের হোসেন রাসেল পেয়েছেন ২ হাজার ২৩১ ভোট।
