দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরে সবচেয়ে বেশি আলোচনায় থাকা ফরিদপুর-৪ (ভাঙ্গা-সদরপুর-চরভদ্রাসন) আসনে দুই হেভিওয়েট প্রার্থীর লড়াইয়ে শেষ পর্যন্ত জয়ী হলেন মজিবুর রহমান চৌধুরী নিক্সন। তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে টানা তৃতীয়বারের মতো সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। তিনবারই তার প্রতিদ্বন্দ্বী ছিলেন নৌকা প্রতীকের প্রার্থী এবং আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য কাজী জাফর উল্লাহ।
যুবলীগের প্রেসিডিয়াম সদস্য মজিবুর রহমান চৌধুরী নিক্সন নির্বাচনের আগে বলেছিলেন, উন্নয়ন আর মূল্যায়নের জন্য মানুষ তাকে ভোট দেবে। অন্যদিকে, বাংলাদেশের উন্নয়ন এবং এই ধারাকে অব্যাহত রাখতে বঙ্গবন্ধুর নৌকাকেই জনগণ ভোট দেবে বলে জানিয়েছিলেন কাজী জাফর উল্লাহ।
নিক্সন চৌধুরী এর আগে এই আসন থেকে দুইবার স্বতন্ত্র প্রার্থী হিসেবে সংসদ সদস্য নির্বাচিত হন। গত রবিবার অনুষ্ঠিত দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনেও তিনি আওয়ামী লীগের মনোনয়ন চেয়েছিলেন। কিন্তু মনোনয়ন না পেয়ে স্বতন্ত্র হিসেবে তৃতীয়বারের মতো লড়াই করে ঈগল প্রতীক নিয়ে নির্বাচিত হয়েছেন।
এ আসনটি স্বাধীনতার পর থেকেই নৌকার দখলে ছিল। এ আসন থেকে কাজী জাফর উল্লাহর চাচা ডা. কাজী আবু ইউসুফ তিনবার সাংসদ ছিলেন, তার সহধর্মিণী নিলুফা জাফর উল্লাহ একবার সাংসদ ছিলেন এবং কাজী জাফর উল্লাহও একবার সাংসদ ছিলেন। তবে ২০১৪ এবং ২০১৮ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নিক্সন চৌধুরী নৌকার প্রার্থী কাজী জাফর উল্লাহকে পরাজিত করে সাংসদ হন। জয়ের সেই ধারাবাহিকতা এবারও ধরে রাখলেন তিনি।
জয়ের পর এক প্রতিক্রিয়ায় নিক্সন চৌধুরী বলেন, ‘এই আসনের জনগণ ২০১৪ সালে আমাকে না দেখে ভোট দিয়ে বিজয়ী করেছেন। এরপর উন্নয়ন দেখে মানুষ ২০১৮ সালের নির্বাচনে ভোট দিয়ে সংসদ সদস্য নির্বাচিত করেছেন। এবার ২০২৪ সালে উন্নয়ন ও মূল্যায়নের মাধ্যমে আমাকে বিজয়ী করেছেন সাধারণ ভোটাররা। আমি যে উন্নয়ন করেছি সেই ধারাবাহিকতা বজায় রাখতে চাই। আমি বিশ্বাস করি, জনগণ আমাকে যেভাবে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে তার প্রতিদান আমি উন্নয়নের মাধ্যমে দেব।’
