এবার মিশরকে আফ্রিকার শ্রেষ্ঠত্ব এনে দিতে চান সালাহ

আপডেট : ০৯ জানুয়ারি ২০২৪, ০৬:১৩ পিএম

ঝাঁকড়া চুল ও স্মিত হাসির মোহামেদ সালাহ তার ক্লাব লিভারপুলের হয়ে ইংল্যান্ডের, ইউরোপের পাশাপাশি বিশ্ব জয় করেছেন। জিতে নিয়েছেন বিশ্বব্যাপী কোটি ভক্ত-অনুরাগীদের হৃদয়। এবার আফ্রিকা জয় করতে চান তিনি। মিশরকে এনে দিতে চান আফ্রিকান কাপ অফ নেশন্সের শিরোপা। আগামী রবিবার থেকে মাঠে গড়াবে আফ্রিকার সর্বোচ্চ মর্যাদার এ প্রতিযোগিতা।

দুইবার মিশরকে আফ্রিকার শ্রেষ্ঠত্ব এনে দেওয়ার কাছাকাছি পৌঁছেছিলেন সালাহ। ২০১৭ ও ২০২১ আসরের ফাইনালে স্বপ্নভঙ্গ হয় তাদের। প্রথম দফায় ক্যামেরুন ও পরে সেনেগালের কাছে ফাইনাল হারে মিশর। এছাড়াও স্বাগতিক হিসেবে ২০১৯ আসরে কায়রোর ৭০ হাজার সমর্থকের সামনে শেষ ষোলোয় দক্ষিণ আফ্রিকার কাছে হেরে গিয়েছিল মিশর।

এবারে আইভরি কোস্টে বসতে যাওয়া আসরে মিশর শিরোপার দাবিদার দেশগুলোর একটি। নিজেদের অষ্টম শিরোপার দিকে লক্ষ্য দেশটির। গ্রুপ ‘বি’ তে তাদের প্রতিপক্ষ ঘানা, মোজাম্বিক ও কেপ ভার্ডে। এ গ্রুপ থেকে শীর্ষে থেকেই শেষ ষোলোয় যাওয়া কথা মিশরের।

তবে সালাহ ও তার মিশরীয় সতীর্থদের লক্ষ্য কেবল এতোটুকু নয়। আবিদজানের আলাসানে ওয়াতারা স্টেডিয়ামে ৬০ হাজার দর্শকের সামনে ১১ ফেব্রুয়ারির ফাইনাল খেলতে চায় মিশর। কায়রোতে গণমাধ্যমের কাছে সালাহ জানান, ‘আমি এবারের আসর জিততে চাই। দুবার শিরোপার এতো কাছে এসেও পারিনি, তাই মিশরকে কাপ অফ নেশন্সের শিরোপা এনে দেওয়া আমার স্বপ্ন। মিশরের হয়ে খেলতে পারা, এ লাল জার্সি গায়ে চাপানো আমাদের প্রত্যেকের কাছেই খুব গর্বের। আমরা যখনই মাঠে নামি সবসময় বিশ্বাস করি লাখো মিশরীয়র প্রতিনিধি করছি। তাদের জন্য খুশির মুহূর্ত এনে দিতে চাই।’

লিভারপুলের হয়ে ক্লাব বিশ্বকাপ, চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ- সবকিছুই জেতা হয়েছে সালাহ’র। এবার দেশের হয়ে সাফল্যের চূড়ায় পৌঁছানোর স্বপ্ন দেখছেন মোহামেদ সালাহ।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত