বিভিন্ন অনিয়ম ও দায়িত্বে অবহেলার অভিযোগের মধ্যে স্বাস্থ্যমন্ত্রীর হাসপাতাল পরিদর্শনের একদিন পর মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহীনকে বদলি করা হয়েছে। তাঁকে ঝিনাইদহের কোটচাঁদপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পদায়ন করা হয়েছে। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. জালাল উদ্দিন মোহাম্মদ রুমীর স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ আদেশ দেওয়া হয়।
শুক্রবার (৬ নভেম্বর) সকালে তাঁর বদলির বিষয়টি নিশ্চিত করেন কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কিশোর কুমার দাস। তবে দায়িত্বে অবহেলা ও বিভিন্ন অনিয়মের অভিযোগের বিষয়ে সংশ্লিষ্ট কর্মকর্তার বক্তব্য পাওয়া যায়নি।
প্রশাসন ও হাসপাতালসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ডা. মো. শাহতা জারাব সালেহীন কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে যোগদানের পর থেকে তাঁর বিরুদ্ধে দায়িত্ব পালনে অবহেলা, প্রশাসনিক অনিয়মসহ নানা অভিযোগ ওঠে। এসব কারণে হাসপাতালের চিকিৎসাসেবার মান ব্যাহত হচ্ছে বলে অভিযোগ স্থানীয়দের। এতে কালকিনি ও ডাসার উপজেলার প্রত্যন্ত এলাকার সাধারণ মানুষ কাঙ্ক্ষিত স্বাস্থ্যসেবা থেকে বঞ্চিত হচ্ছেন বলে দাবি সচেতন মহলের।
এদিকে গত মঙ্গলবার (৩ নভেম্বর) সকালে কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান স্বাস্থ্যমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বকুল। হাসপাতালের বিভিন্ন বিষয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধে নানা অনিয়মের অভিযোগ থাকার কথা জানান। এর পরদিনই ওই কর্মকর্তার বদলির আদেশ আসে।
এ বিষয়ে কালকিনি উপজেলা নির্বাহী কর্মকর্তা কিশোর কুমার দাস বলেন, “উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহতা জারাব সালেহীনকে বদলি করা হয়েছে। এ সংক্রান্ত আদেশের বিষয়টি আমরা জেনেছি।”