রাজধানীর কুড়িল ফ্লাইওভারে ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন তিতুমীর কলেজের এক শিক্ষার্থী। তার নাম তামিম হোসেন (২৪)। দুর্ঘটনায় তার বন্ধু মিকদাদও গুরুতর আহত হয়েছেন। তাকে পঙ্গু হাসপাতাল হিসেবে পরিচিত জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে ভর্তি করা হয়েছে। গতকাল মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
নিহত তামিমের বড় ভাই তাওসিফ মাইমুন দেশ রূপান্তরের নিজস্ব প্রতিবেদক।
তিতুমীর কলেজের শিক্ষার্থী সোহাগ মাহমুদ জানান, তামিম সরকারি তিতুমীর কলেজের স্নাতক চতুর্থ বর্ষের শিক্ষার্থী। বন্ধু মিকদাদকে নিয়ে ব্যক্তিগত কাজে মোটরসাইকেলে খিলক্ষেত গিয়েছিলেন। সেখান থেকে বাসায় ফেরার পথে কুড়িল বিশ্বরোড ফ্লাইওভারে তাদের মোটরসাইকেলকে পেছন থেকে একটি ট্রাক ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল থেকে ছিটকে পড়েন তারা। এ সময় তামিমকে চাপা দিয়ে ট্রাকটি নিয়ে পালিয়ে যায় চালক। পরে তাকে উদ্ধার করে কুর্মিটোলা হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
পিকআপের ধাক্কায় কলেজছাত্রী নিহত : কুমিল্লার দাউদকান্দির ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পিকআপের ধাক্কায় মোটরসাইকেলে থাকা এক কলেজছাত্রী নিহত হয়েছে। দুর্ঘটনার পরপরই ফুটওভারব্রিজের দাবিতে শিক্ষার্থীরা কলেজের সামনে মহাসড়ক অবরোধ করেছেন। দুই ঘণ্টাব্যাপী অবরোধে সড়কের উভয় দিকে যান চলাচল বন্ধ হয়ে যানজটের সৃষ্টি হয়। সড়কের উভয় দিকে কয়েক শতাধিক যানবাহন আটকা পড়ে।
প্রত্যক্ষদর্শী কলেজশিক্ষার্থী ইউসুফ জানান, কলেজের সাবেক শিক্ষার্থী শাফিনের মোটরসাইকেলকে পেছন থেকে একটি পিকআপ ধাক্কা দেয়। এতে কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী মীম রাস্তা পার হওয়ার সময় মোটরসাইকেলটি তাকে ধাক্কা দেয়। উদ্ধার করে দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স গৌরীপুরে নিয়ে গেলে ডাক্তাররা তাকে মৃত ঘোষণা করেন।
দাউদকান্দি হাইওয়ে থানার ওসি মো. শাহীনুল ইসলাম বলেন, রাস্তা পার হতে গিয়ে মোটরসাইকেলের ধাক্কায় নিহত কলেজশিক্ষার্থীর মরদেহ স্বজনদের কাছে হস্তান্তরের বিষয়টি প্রক্রিয়াধীন।
পুঠিয়ায় চাচা-ভাতিজা নিহত : রাজশাহীর পুঠিয়ায় যাত্রীবাহী বাস ও মোটরসাইকেলের সংঘর্ষে চাচা-ভাতিজা নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার সকাল সাড়ে ১০টার দিকে পুঠিয়া-তাহেরপুর সড়কের কাঁচুপাড়া হোসেনের বটতলায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পুঠিয়ার তেঁতুলিয়া দক্ষিণপাড়া গ্রামের আক্কাস আলীর ছেলে মো. হোসেন (২৫) ও তার ভাতিজা সাঈদ সারোয়ার (২২)। সাঈদ সারোয়ারের বাবার নাম জেকের আলী।
কালিয়াকৈরে নারী নিহত : গাজীপুরের কালিয়াকৈরে সড়ক দুর্ঘটনায় এক নারী নিহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের উপজেলার হিজলতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তিনি হলেন গাইবান্ধার সাদুল্যাপুর উপজেলার ছোটছত্রগাছা এলাকার ওছমান শেখের মেয়ে রোকসানা আক্তার (২৬)।
