গাজীপুরে পুলিশের ধাওয়ায় এক লেবু বিক্রেতার পা ট্রেনে কাটা পড়েছ। গতকাল মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে জয়দেবপুর রেলগেট এলাকায় এ ঘটনা ঘটে। আহত লেবু বিক্রেতা পরিতোষ চক্রবর্তীর (৪৫) বাড়ি নওগাঁর আত্রাই থানার নওগাঁদা গ্রামে। তাকে গুরুতর আহত অবস্থায় রাজধানী ঢাকার জাতীয় অর্থোপেডিক হাসপাতাল ও পুনর্বাসন কেন্দ্রে পাঠানো হয়েছে।
প্রত্যক্ষদর্শীরা জানান, পরিতোষ রেললাইনের পাশে নিয়মিত লেবু বিক্রি করতেন। প্রতিদিনের মতো গতকালও একই জায়গায় বসেছিলেন। দুপুর ১২টার দিকে তিনি লেবুগুলো পলিথিনে ভরছিলেন। এমন সময় এক পুলিশ সদস্য এসে লাঠি দিয়ে তার পায়ে আঘাত করেন। আত্মরক্ষার্থে পরিতোষ সেখান থেকে সরে যাওয়ার চেষ্টা করে পড়ে যান। তখন ওই পুলিশ সদস্য লাথি মারলে পরিতোষ রেললাইনের ওপরে পড়ে যান। এরই মধ্যে একটি ট্রেন পরিতোষের বাঁ পায়ের ওপর দিয়ে চলে গেলে তার পা কাটা পড়ে। ট্রেন চলে যাওয়ার পর তাকে উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।
পরিতোষের শাশুড়ি জানান, পরিতোষ রেললাইনের পাশে ফুটপাতে লেবু বিক্রি করেন। রেলগেটে লেবু পলিথিনে ভরে প্যাকেট করছিলেন। হঠাৎ গাজীপুর মেট্রোপলিটন পুলিশের সদর থানার এক পুলিশ সদস্য গিয়ে তাকে পেটাতে শুরু করেন।
এ ব্যাপারে জানতে চাইলে জয়দেবপুর জংশন রেলওয়ে পুলিশের এসআই শহিদুল ইসলাম বলেন, ‘পুলিশ দেখে দৌড়ে পালাতে গিয়ে এক লেবু ব্যবসায়ী দিনাজপুরগামী একতা এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে গুরুতর আহত হন। আহত অবস্থায় পরিতোষ নামে ওই ব্যক্তিকে শহীদ তাজউদ্দীন মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে ওই হাসপাতালের চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকার পঙ্গু হাসপাতালে পাঠান।’
