হত্যার পর যুবকের লাশ বালুর নিচে পুঁতে রাখা হয়েছিল

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ০৬:৪৭ পিএম

সিরাজগঞ্জের শাহজাদপুরে নিখোঁজের পাঁচদিন পর ফেরদৌস আলী (১৮) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (১০ জানুয়ারি) সকাল ১১ টার দিকে উপজেলার গাঁড়াদহ ইউনিয়নের বগুড়া-নগরবাড়ি মহাসড়কের তালগাছী বাসস্ট্যান্ডের দক্ষিণে আরকে টেক্সটাইল মিলসের ভেতরের মাটি খুঁড়ে তার এ মরদেহ উদ্ধার করা হয়।

নিহত ফেরদৌস একই ইউনিয়নের মশিপুর গ্রামের আক্কাস আলীর ছেলে। তিনি ওই মিলের নিরাপত্তা প্রহরী হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানায়, গত শুক্রবার (৫ জানুয়ারি) সন্ধ্যা ৬ টার দিকে আরকে টেক্সটাইল মিলে যায় ফেরদৌস। এরপর সকাল হয়ে গেলেও বাড়িতে ফিরে আসেনি। তারপর পরিবারের লোকজন সবাই মিলে গিয়েও না পেয়ে থানায় একটি নিখোঁজ ডায়রি করেছিলেন।

এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (শাহজাদপুর সার্কেল) মোঃ কামরুজ্জামান জানান, অভিযোগ পাওয়ার পরই তথ্য প্রযুক্তি ও সোর্সের সহযোগিতায় আর.কে টেক্সটাইলের ভেতরে বালুর নিচে পুঁতে রাখা ফেরদৌসের লাশ উদ্ধার করা হয়। কয়েকটি বিষয় আমাদের সামনে এসেছে সেগুলো নিয়ে থানা পুলিশ কাজ করছে। আশা করি অতি দ্রুত সময়ের মধ্যেই জড়িতদের আইনের আওতায় আনা হবে। লাশ ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে পাঠানো হয়েছে।

 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত