বর্ধিত বেতনের দাবিতে মির্জাপুরে শ্রমিকদের সড়ক অবরোধ

আপডেট : ১০ জানুয়ারি ২০২৪, ১১:২৪ পিএম

টাঙ্গাইলের মির্জাপুরে উত্তরা স্পিনিং মিলস লিমিটেডের শ্রমিকরা ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে। বুধবার দুপুর ২টা থেকে ২টা ৫০ মিনিট পর্যন্ত শ্রমিকরা মিলের সামনে মহাসড়ক অবরোধ করে। এ সময় মহাসড়কে যান চলাচল বন্ধ হয়ে প্রায় ৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়।

খবর পেয়ে দেওহাটা পুলিশ ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমানের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থলে গিয়ে শ্রমিকদের মহাসড়ক থেকে সরিয়ে দেয়। বিকাল ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

জানা গেছে, উপজেলার গোড়াই শিল্পাঞ্চল এলাকার উত্তরা স্পিনিং মিলস লিমিটেড কারখানায় ৯৫০ জন শ্রমিক কর্মরত আছে। এরা তিন শিফটে কারখানায় কাজ করে থাকে। কারখানায় কর্মরত গার্মেন্ট শ্রমিকরা বিজিএমইএ আর টেক্সটাইলস শ্রমিকরা বিকেএমইএ’র অধীন।
 
বিকেএমইএ থেকে টেক্সটাইল শ্রমিকদের নতুন বেতন ছাড়ের নির্দেশনা না দেওয়ায় শ্রমিকরা পুরনো হিসাবেই ডিসেম্বররের বেতন পেয়েছেন। বর্ধিত বেতনের দাবিতে উত্তরা স্পিনিং মিলস লিমিটেডের সকাল এবং দুপুর শিফটের প্রায় ছয় শতাধিক শ্রমিক মহাসড়ক অবরোধ করে।

কারখানার কয়েকজন শ্রমিক জানান, তাদের কারখানায় অতিরিক্ত কাজের কোনো সুযোগ নাই। সরকারের নির্দেশে কারখানা বন্ধ থাকলেও সেই কাজ পরবর্তী সময়ে করিয়ে নেয়। কিন্তু সেই বর্ধিত কাজের সুযোগ-সুবিধা দেওয়া হয় না। সরকার ১২ হাজার ৫০০ টাকা শ্রমিকদের বেতন নির্ধারণ করলেও কারখানার মালিক আমাদের সেই বেতন দিচ্ছেন না। সরকারের কাছে আমাদের বর্ধিত বেতন বাস্তবায়নের দাবি জানাই।
 
দেওহাটা ফাঁড়ির পরিদর্শক মো. হাবিবুর রহমান জানান, শ্রমিকরা বর্ধিত বেতনের দাবিতে মহাসড়কে এসে অবরোধ করে। কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে সেদিকে নজর রেখে অবরোধ তুলে নেয়ার চেষ্টা করা হয়। অবরোধের ৫০ মিনিট পর বিকাল ৩টার দিকে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

উত্তরা স্পিনিং মিলস লিমিটেডের প্রজেক্ট পরিচালক বিধান সরকার জানান, শ্রমিকরা সরকারের বর্ধিত বেতনের ঘোষণা না বুঝেই আন্দোলন করছেন। সারাদেশে প্রায় ৫৭ লাখ শ্রমিক গার্মেন্টসে কাজ করছেন। তাদের বেতন বর্ধিত হয়েছে। বিকেএমইএ থেকে টেক্সটাইলস শ্রমিকদের বেতন বর্ধিত করার নির্দেশনা না পাওয়ায় বর্ধিত বেতন দেওয়া হয়নি। বিষয়টি শ্রমিকদের বোঝানোর চেষ্টা করেও লাভ হয়নি বলে জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত