বাকপ্রতিবন্ধী লেগুনাচালকের রক্তাক্ত মরদেহ পড়ে ছিল রাস্তায়

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০২:৫০ পিএম

রাজধানীর সবুজবাগের একটি নির্মাণাধীন ভবনে ধারালো অস্ত্রের আঘাতে নাদিম হোসেন (২৮) নামে এক লেগুনাচালককে হত্যার ঘটনা ঘটেছে। মাদক কেনাবেচা নিয়ে দ্বন্দ্বের জেরে বাকপ্রতিবন্ধী নাদিম হত্যাকাণ্ড বলে ধারণা পুলিশের।

আজ বৃহস্পতিবার ভোরে এঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়।

নিহতের বড় ভাই মো. শাহিন হোসেন জানান, তারা সবুজবাগ ওহাব কলোনির ক্লাব গলিতে একটি বাসায় থাকেন। তাদের গ্রামের বাড়ি কুমিল্লার দাউদকান্দি উপজেলায়। নাদিম পেশায় লেগুনা চালক। 

তিনি জানান, গতরাতে কাউসার নামে তার এক বন্ধু তাকে বাসা থেকে ডেকে নেয়। এরপর কাউসার, রাব্বিসহ আরও ৮-১০ জন মিলে নাদিমকে নিয়ে বাসাবো বালুর মাঠের বিপরীত পাশে একটি ১০তলা নির্মাণাধীন ভবনে যায়। সেখানে তাদের মধ্যে কি নিয়ে তর্কাতর্কি হয়েছে তা জানেন না শাহিন। তবে সেখানে ধারালো অস্ত্র দিয়ে নাদিমের ডান পায়ে উরুতে আঘাত করে তারা। এরপর তারাই সিএনজি অটোরিকশায় করে নাদিমকে ওহাব কলোনির মাদ্রাসা গলিতে ফেলে রেখে যায় বলে জানান তিনি।

খবর পেয়ে ভোরে স্বজনরা রাস্তায় গিয়ে তাকে রক্তাক্ত ও মৃত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরবর্তীতে পুলিশে খবর দেন তারা।

সবুজবাগ থানার উপপরিদর্শক (এসআই) মো. নুরুল ইসলাম সুরতহাল প্রতিবেদন উল্লেখ করেন, ওহাব কলোনির মাদ্রাসা গলির থেকে ভোর সাড়ে ৫টায় তার মরদেহ উদ্ধার করা হয়। তার ডান পায়ের উরুতে ধারালো অস্ত্রের একটি আঘাত রয়েছে। এই আঘাতে তার মৃত্যু হয়েছে।

এসআই আরও জানান, মাদক কেনা-বেচা নিয়ে বিরোধের জের এই ঘটনাটি ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। ঘটনার বিস্তারিত জানার জন্য তদন্ত চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত