গাজীপুরের শ্রীপুরে সরকার ঘোষিত নতুন বর্ধিত বেতন না পেয়ে পোশাক শ্রমিকরা আন্দোলন শুরু করেছেন। এ সময় উত্তেজিত শ্রমিকরা কারখানায় উৎপাদন বন্ধ রেখে সড়কে অবস্থান নেন। এতে ওই সড়কে সকল যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। সৃষ্টি হয় দীর্ঘ যানজটের। এতে এ পথে চলাচলকারীরা চরম ভোগান্তিতে পড়ে। শ্রমিকদের দাবি কারখানা কর্তৃপক্ষ সরকার ঘোষিত বর্ধিত বেতন দিচ্ছেনা। নানা টালবানা করে সময় নষ্ট করছে। সেই ক্ষোভে শ্রমিক অসন্তোষ দেখা দিলে তারা আন্দোলন শুরু করেন।
আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের মাওনা পাথারপাড় এলাকার ক্রাউন মিলস লিমিটেডের তিনটি ইউনিটের কয়েক হাজার শ্রমিক বর্ধিত বেতনের দাবিতে আন্দোলন করে। খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশের শিল্প পুলিশ ঘটনাস্থলে আসে। এ সময় আন্দোলনরত শ্রমিকরা মাওনা ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে অবস্থান নিলে এ সড়কে সব যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়।
ক্ষুব্ধ শ্রমিকরা বলেন, সরকার ও মালিক পক্ষ সমন্বয় করে বেতন বর্ধিত করেছে। এ মাসেই সেই বর্ধিত নতুন বেতন কাঠামোতে আমাদের বেতন হবে। আশপাশের অন্য সব পোশাক কারখানা বর্ধিত বেতন দিয়েছে। কিন্তু আমাদের কারখানা কর্তৃপক্ষ এ মাসে আমাদের বেতন এখনও বৃদ্ধি করেনি। বর্ধিত বেতন দেওয়ার কথা থাকলেও আগের বেতন দেওয়ার ঘোষণা দেয়। এতেই শ্রমিকদের মাঝে অসন্তোষ দেখা দেয়। শ্রমিকরা ক্ষুব্ধ হয়ে আন্দোলন শুরু করে। বর্ধিত বেতন ঘোষণর পর একজন শ্রমিক ১২ হাজার ৫০০ টাকা পাবে।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান সকাল সাড়ে ৯টার দিকে ক্রাউন মিলসের তিনটি ইউনিটের শতশত শ্রমিক বর্ধিত বেতনের দাবিতে সড়কে নেমে আসেন। এ সময় মাওনা ফুলবাড়িয়া আঞ্চলিক সড়কে যানবাহন চলাচল বন্ধ করে দেয় আন্দোলনরত শ্রমিকরা। এতে এ পথে চলাচলকারী লোকজন চরম দুর্ভোগে পড়েন। দুপুর সাড়ে ১২টা পর্যন্ত এ সড়ক বন্ধ থাকে। পরে মাওনা ইউপি চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন এসে আন্দোলনরত শ্রমিকদের সাথে কথা বলেন। এক সময় মালিক পক্ষ ও পুলিশ বসে তাদের বর্ধিত বেতন দেওয়ার আশ্বাস দিলে তারা আন্দোলন থামিয়ে কাজে যোগ দেয়। এ সময় এ সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।
ক্রাউন মিলস লিমিটেডের মানবসম্পদ কর্মকর্তা এম আজাদের কাছে বর্ধিত বেতন না দেওয়া প্রসঙ্গে জানতে চাইলে তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি। ব্যস্ততা দেখিয়ে তিনি বিষয়টি এড়িয়ে যান।
মাওনা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম খোকন জানান- কারখানার মালিক দেশের বাইরে আছেন। দেশে আসলেই শ্রমিকদের যাবতীয় বেতন পরিশোধ করা হবে। বর্ধিত বেতন নিয়েও শ্রমিকদের সাথে কথা হয়েছে। বর্ধিত বেতনই দেওয়া হবে তাদের এমন আশ্বস্ত করা হলে তারা আন্দোলন বাদ দিকে কাজে যোগ দেয়।
শ্রীপুর থানার ওসি মোহাম্মদ শাহ্ জামান জানান, শ্রমিক আন্দোলনের খবর পেয়ে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পাঠানো হয়েছে। পরে তাদের সাথে কথা বলে কর্তৃপক্ষের আশ্বাসে সড়ক ছেড়ে কাজে যোগ দিয়েছে। আপাতত এ পথে কোনো যানজট নেই। পরিস্থিতি স্বাভাবিক আছে।
