বাকরুদ্ধ দিপু সানার স্বামী, শোকাচ্ছন্ন সহকর্মীরা

আপডেট : ১১ জানুয়ারি ২০২৪, ০৪:৫৩ পিএম

ফুটপাত ধরে হেঁটে যাওয়া এক পথচারী ইটের আঘাতে মাটিতে লুটিয়ে পড়েন। এমন একটি ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে তীব্র প্রতিক্রিয়া জানাচ্ছে সাধারণ মানুষ।

জানা গেছে, ওই নারী বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানা। রাজধানীর মৌচাক এলাকায় একটি বহুতল ভবনের ওপর থেকে পড়া ইটের আঘাতে এভাবে তার মৃত্যু হয়েছে।

তার মৃত্যুর পর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে নেওয়া হয় মরদেহ। সেখানে উপস্থিত ছিলেন তার সহকর্মী, আত্মীয়-স্বজন। দুপুরে মর্গের পাশে অনেকটা বাকরূদ্ধ হয়ে অপেক্ষা করতে দেখা যায় স্বামী তরুণ বিশ্বাসকে। কারো সঙ্গে কথা বলছেন না৷ শোকাচ্ছন্ন হয়ে এড়িয়ে চলছেন সবার জিজ্ঞাসা।

পাশেই অপেক্ষা করছেন দিপু সানার সহকর্মীরা। তাদের কেউ বিরক্তির ভঙ্গি নিয়ে দাঁড়িয়ে আছেন। কেউ স্মৃতি মনে করে জল ফেলছেন। তাদের একজন গোলাম মোস্তফা শ্রাবণ। তিনি বাংলাদেশ ব্যাংক অফিসারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক।

দেশ রূপান্তরকে শ্রাবণ বলেন, আমরা চাই সুষ্ঠু তদন্তের মাধ্যমে যারা দায়ী তাদের চিহ্নিত করা হোক এবং আইনের আওতায় আনা হোক। আইনি প্রক্রিয়াটা যাতে ঠিকমতো হয় এটাও আমরা চাই। এই দুর্ঘটনায় অবশ্যই অবহেলা আছে। আমি রাস্তা দিয়ে হাঁটব, আমি নাগরিক অবশ্যই নিরাপত্তা চাই। আর এ ঘটনায় যারা যারা দায়ী আছে সঠিক তদন্তের মাধ্যমে ব্যবস্থা নেওয়া হোক।

গতকাল বুধবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ফুটপাত ধরে হেঁটে যাওয়ার সময় মাথায় ইট পড়ে বাংলাদেশ ব্যাংকের সহকারী পরিচালক দিপু সানার মৃত্যু হয়। পরে সানার স্বামী তরুণ বিশ্বাস জানিয়েছিলেন, সন্ধ্যায় আমার স্ত্রী শান্তিনগর থেকে হেঁটে বাসায় যাচ্ছিল। রমনা থানা থেকে ফোন দিয়ে তার মৃত্যুর কথা জানানো হয়। সানার বাড়ি সাতক্ষীরা।

এদিকে পুলিশ বলছে, মৌচাক ফখরুদ্দীন হোটেলের নিচ দিয়ে যাওয়ার সময় ওপর থেকে ইট পড়লে ঘটনাস্থলে সানা দিপুর মৃত্যু হয়। পরিবারের পক্ষ থেকে সাধারণ ডায়েরি করা হয়েছে। পুলিশ এর তদন্ত করছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত