শাহিনের নেতৃত্বের প্রথম পরীক্ষা আজ

আপডেট : ১২ জানুয়ারি ২০২৪, ০৪:১২ এএম

পাঁচ ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে আজ অকল্যান্ডে মুখোমুখি হবে স্বাগতিক নিউজিল্যান্ড ও পাকিস্তান। এই ম্যাচ দিয়েই পাকিস্তানের টি-টোয়েন্টি অধিনায়ক হিসেবে অভিষেক হচ্ছে শাহিন শাহ আফ্রিদির।

টি-টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ের ৪ নম্বর দল পাকিস্তান। তারা সবশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে গেল এপ্রিলে। ঘরের মাঠে খেলেছিল নিউজিল্যান্ডের বিপক্ষেই। সিরিজটি ২-২-এ ড্র হয়েছিল। ওই সিরিজে পাকিস্তানের হয়ে সর্বোচ্চ রান সংগ্রাহক ছিলেন মোহাম্মদ রিজওয়ান। তিনি এখন পাকিস্তান টি-টোয়েন্টি দলের সহ-অধিনায়ক। নিউজিল্যান্ড সবশেষ গেল ডিসেম্বরে বাংলাদেশের মাটিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলে। সেটি ১-১ ড্র হয়েছিল।

নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ হলেও শাহিনকে বেশি কথা বলতে হয়েছে আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়েই। শাহিন আফ্রিদি বলেন, ‘পাকিস্তানের অধিনায়কত্ব করাটা আমার জন্য সম্মান ও গর্বের। আমরা টি-টোয়েন্টিতে ভালো দল সেটা গেল কয়েক বছরে আমাদের পারফরম্যান্সে বোঝা যায়। আমরা বিশ্বকাপে এর আগে ভালো করেছি, তবে শেষটা ভালো করতে পারিনি। বড় টুর্নামেন্টে আমরা যেমন ফলাফল চাই সেটার দিকে নজর দেব।’

বিশ্বকাপের আগে নতুনদের সুযোগ দিয়ে দেখতে চায় পাকিস্তান। তাই তো এবারের সিরিজের স্কোয়াডে টি-টোয়েন্টিতে অভিষেক না হওয়া তিনজন আছেন। তারা হলেন উসামা মির, মোহাম্মদ আব্বাস আফ্রিদি এবং উইকেটকিপার ব্যাটসম্যান হাসিবুল্লাহ।

আফ্রিদি বলেন, ‘বিশ্বকাপের আগে আমরা ১৭ ম্যাচ খেলব। আমরা চাই বিশ্বকাপের আগেই নিজেদের দল গুছিয়ে নিতে। আমরা এই সময়ের মধ্যে নতুনদের পরীক্ষা করে দেখব। যেন টুর্নামেন্টের সময় কেউ ইনজুরিতে পড়লে আমাদের ব্যাকআপ থাকে।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত