জাতীয় পার্টির কো-চেয়ারম্যান কাজী ফিরোজ রশীদকে দল থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। তবে এ ঘটনায় মোটেই আশ্চর্য হননি তিনি।
শুক্রবার (১২ জানুয়ারি) বিকেলে দলটির যুগ্ম-দপ্তর সম্পাদক মাহমুদ আলম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে তাকে অব্যাহতি দেওয়া হয়।
এ বিষয়ে প্রতিক্রিয়া জানতে চাইলে কাজী ফিরোজ রশীদ গণমাধ্যমকে বলেন, ‘আমি মোটেও আশ্চর্য হইনি। আপনাদের থেকে আমি বিষয়টি জেনেছি। বিষয়টি ঠিক আছে। তিনি (জিএম কাদের) ভালো করেছেন। তবে এ মুহূর্তে আমি কিছুই বলবো না। অনুসন্ধান করলে সব বের হবে।’
জাপার দুই নেতাকে অব্যাহতির বিজ্ঞপ্তিতে বলা হয়, জাতীয় পার্টির চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের এমপি দলীয় গঠনতন্ত্রে প্রদত্ত ক্ষমতাবলে কাজী ফিরোজ রশিদ ও সুনীল শুভরায়কে জাতীয় পার্টির কো-চেয়ারম্যান ও প্রেসিডিয়াম সদস্য পদসহ দলীয় সব পদ-পদবি থেকে অব্যাহতি প্রদান করেছেন। যা ইতোমধ্যে কার্যকর করা হয়েছে।
