ইয়েমেনে হুতিদের লক্ষ্য করে হামলা, নজর রাখছে সৌদি

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০২:৩১ এএম

সৌদি আরবের প্রতিবেশী দেশ ইয়েমেনে যুক্তরাষ্ট্র ও ব্রিটেনের বিমান হামলার ঘটনায় ‘গভীর উদ্বেগ’ প্রকাশ করেছে রিয়াদ। এছাড়া ওই অঞ্চলে উত্তেজনা প্রশমনের আহ্বান জানিয়েছে দেশটি। গতকাল শুক্রবার সৌদি পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক বিবৃতিতে এ কথা বলা হয়েছে।

ওই বিবৃতিতে বলা হয়, লোহিত সাগর অঞ্চলে সামরিক অভিযান এবং ইয়েমেনের বেশ কয়েকটি স্থাপনায় বিমান হামলা চালানোয় গভীর উদ্বেগ প্রকাশ করছে সৌদি। দেশটি সেখানকার পরিস্থিতির ওপর তীক্ষ্ণ নজর রাখছে।

এর আগে যুক্তরাজ্য ও যুক্তরাষ্ট্র পরিচালিত হামলায় ইয়েমেনে পাঁচ জন হুতি সদস্য নিহত এবং আরও ছয় জন আহত হয়েছে বলে জানায় হুতিরা। হুতিদের সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারে এক ভাষণে বলেন, ‘এসব হামলায় আমাদের সশস্ত্র বাহিনীর পাঁচ সদস্য শহীদ হয়েছে ও অপর ছয় জন আহত হয়েছে।’ এ ঘটনায় যুক্তরাষ্ট্র ও ব্রিটেনকে চরম মূল্য দিতে হবে বলেও মন্তব্য করেছে হুতি।

এদিকে যুক্তরাজ্য এবং যুক্তরাষ্ট্রের হামলায় কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে তা এখনও স্পষ্ট নয়। তবে হুতিরা জানিয়েছে, বিমানঘাঁটিসহ অন্তত পাঁচটি স্থানে হামলা চালানো হয়েছে।

অপরদিকে যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, বাহরাইন, কানাডা, ডেনমার্ক, জার্মানি, নেদারল্যান্ডস, নিউজিল্যান্ড ও দক্ষিণ কোরিয়া  সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, ইয়েমেনে হুতিদের বিরুদ্ধে তাদের সম্মিলিত অভিযানের উদ্দেশ্য হলো ‘লোহিত সাগরে স্থিতিশীলতা’ ফিরিয়ে আনা।

এর মধ্যেই চীন জানিয়েছে, তারা লোহিত সাগরে অস্থিরতা বৃদ্ধি নিয়ে উদ্বিগ্ন। যেহেতু এই হামলার খবর ছড়িয়ে পড়ার পর তেলের দাম দুই শতাংশ বেড়েছে।

অ্যাসোসিয়েট প্রেস জানিয়েছে, লোহিত সাগরের রুটটি একটি গুরুত্বপূর্ণ জলপথ। সেখানে এমন হামলা বৈশ্বিক বাণিজ্যে মারাত্মক ব্যাঘাত ঘটিয়েছে। ফলে শুক্রবার অপরিশোধিত তেলের আন্তর্জাতিক বেঞ্চমার্ক ব্রেন্ট ব্যারেল প্রতি ৪% বেড়ে ৮০ ডলারেরও বেশি দামে বিক্রি হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত