বাংলাদেশের দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন প্রভাবিত করতে ‘বাইরের অপচেষ্টা’ ছিল বলে আবারও দাবি করল রাশিয়া। এবার কোনো দেশের নাম উল্লেখ না করেই দেশটির পক্ষ থেকে বলা হয়েছে, বাংলাদেশের কিছু বিরোধী রাজনৈতিক দলের নির্বাচনে অংশ না নেওয়াটা দুঃখজনক। তবে বাইরে থেকেও নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল। এমন পরিস্থিতিতে ভোটারদের স্বাধীনভাবে ভোট দেওয়ার প্রয়োজনীয় শর্ত তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করেছে দেশটি।
রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মারিয়া জাখারোভা স্থানীয় সময় গত বৃহস্পতিবার মস্কোতে নিয়মিত সংবাদ সম্মেলনে এক প্রশ্নের জবাবে এসব কথা বলেন।
বাংলাদেশে সংসদ নির্বাচন এবং নতুন সরকার গঠনের বিষয়ে রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, বাংলাদেশে গত ৭ জানুয়ারি অনুষ্ঠিত সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। ৩০০টি সংসদীয় আসনের মধ্যে ২২২টি ক্ষমতাসীন দল আওয়ামী লীগ জিতেছে। এটা স্থানীয় নাগরিকদের নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠের সমর্থন নিশ্চিত করেছে।
মারিয়া জাখারোভা বলেন, আমরা নির্বাচন সফলভাবে সম্পন্ন করার জন্য বাংলাদেশের জনগণকে অভিনন্দন জানানোর সুযোগটি নিতে চাই। যদিও কিছু বিরোধী রাজনৈতিক দল দুঃখজনকভাবে নির্বাচনী প্রক্রিয়ায় অংশগ্রহণ থেকে বিরত ছিল। বাইরে থেকেও এটিকে প্রভাবিত করার চেষ্টা করা হয়েছিল, যেটি আমরা ইতিমধ্যে উল্লেখ করেছি গত বছরের ২২ নভেম্বর ও ১৫ ডিসেম্বর। এমন এক পরিস্থিতিতে ভোটারদের আকাক্সক্ষার স্বাধীনভাবে চর্চার প্রয়োজনীয় শর্ত তৈরি করার জন্য বাংলাদেশের নেতৃত্বের প্রশংসা করা উচিত।
মারিয়া জাখারোভা বলেন, রাশিয়াসহ স্থানীয় ও আন্তর্জাতিক বহু পর্যবেক্ষক এরই মধ্যে বাংলাদেশের নির্বাচনের বৈধতা দিয়েছে। তাদের দেশের প্রতিনিধিদলের নেতৃত্বে ছিলেন রাশিয়ান ফেডারেশনের কেন্দ্রীয় নির্বাচন কমিশনের সদস্য আন্দ্রেই শুতোভ। তিনি বলেন, ১১ জানুয়ারি নির্বাচনের ফলাফলের ভিত্তিতে বাংলাদেশে আবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে নতুন সরকার গঠন করা হয়েছে।
এর আগে বৃহস্পতিবার এক বার্তায় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অভিনন্দন জানিয়ে রুশ প্রেসিডেন্ট ভøাদিমির পুতিন বলেন, রাশিয়া-বাংলাদেশের সম্পর্ক ঐতিহ্যগতভাবে বন্ধুত্বপূর্ণ। শেখ হাসিনা আবারও নির্বাচিত হওয়ায় দুই দেশের মধ্যকার দ্বিপক্ষীয় সহযোগিতা আরও জোরদার হবে, যা দুই দেশের জনগণের কল্যাণে আরও অবদান রাখবে। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সফলতা, সুস্বাস্থ্য ও মঙ্গল কামনা করেন পুতিন।
