আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, নির্বাচন বর্জনকারীরা এখনো কিছু হটেননি, তারা নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। তারা বিদেশি বন্ধুদের দিকে তাকিয়ে আছে। আশা করছে কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা আসবে।
আজ শনিবার (১৩ জানুয়ারি) গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বঙ্গবন্ধুর সমাধিতে নতুন মন্ত্রিপরিষদের শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, বিরোধীরা আজকে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছেন। এ সরকার যেন থাকতে না পারে। তারা আশা করছেন কম্বোডিয়ার মতো নিষেধাজ্ঞা দেশে আসবে। কিন্তু শেখ হাসিনা ভিসা বিধি নিষেধের কোনো পরোয়া করেন না।
এ সময় সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি আরো বলেন, আওয়ামী লীগ রাজনীতিকে রাজনীতি দিয়েই মোকাবিলা করতে চায়। কিন্তু বিরোধীরা রাজনীতিতে সহিংসতা ও সন্ত্রাসের উপাদান যুক্ত করলে যা করণীয় সবই করা হবে।
এর আগে সকালে ঢাকা থেকে রওনা হয়ে বেলা পৌনে ১২টার দিকে টুঙ্গিপাড়ায় পৌঁছে জাতির পিটতা বঙ্গবন্ধুর সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার বোন শেখ রেহানা। তারা সেখানে দোয়ায় অংশ নেন।
