টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে বাংলাদেশকে জানতে আসবে অস্ট্রেলিয়ার নারীরা

আপডেট : ১৩ জানুয়ারি ২০২৪, ০৭:০৫ পিএম

এ বছরের সেপ্টেম্বর-অক্টোবরে বাংলাদেশে অনুষ্ঠিত হবে নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ। সে জন্য বাংলাদেশের কন্ডিশন, উইকেট এসব ব্যাপারে আগেভাগে জেনে টুর্নামেন্টের প্রস্তুতি নিতে চায় অস্ট্রেলিয়ার নারী ক্রিকেট দল। 

আইসিসির ভবিষ্যৎ সফরসূচির (এফটিপি) অংশ হিসেবে মেয়েদের আইপিএল শেষ হওয়ার পর মার্চের শেষ দিকে বাংলাদেশ সফরে এসে তিন ম্যাচের ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলবে অস্ট্রেলিয়া। আর তাই টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে এই সফরকে গুরুত্বের সঙ্গে দেখছে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল।

ক্রিকেট অস্ট্রেলিয়ার (সিএ) নারী উইংয়ের প্রধান নির্বাচক শন ফ্লেগলার এ নিয়ে বলেছেন, ‘বাংলাদেশের ভেন্যুতে বিশ্বকাপের ম্যাচগুলো হবে। সেখানে উইকেট কেমন আচরণ করে, সফরে আমাদের খোঁজখবর নেওয়ার অংশ থাকবে এগুলো।’

ইএসপিএনক্রিকইনফো জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি হিসেবে বাংলাদেশের কন্ডিশন সমন্ধে হাতেকলমে অভিজ্ঞতা নিতে এ টুর্নামেন্টের আগে বাংলাদেশ সফরে নির্ধারিত সূচিকে বাড়তি গুরুত্ব দিচ্ছে অস্ট্রেলিয়া। এই সিরিজ শুরুর দিন-তারিখ এখনো নির্ধারিত হয়নি। প্রথমবারের মতো দ্বিপক্ষীয় সিরিজ খেলতে বাংলাদেশে আসবে অস্ট্রেলিয়া নারী ক্রিকেট দল। এর আগে মেয়েদের ২০১৪ টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে বাংলাদেশ এসেছিল অস্ট্রেলিয়া।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত