রাজধানীর ফকিরাপুলে একটি আবাসিক হোটেল থেকে নাজমুল হক (৪৭) নামে এক ব্যবসায়ীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, অসুস্থ্যতার কারণে তার মৃত্যু হয়েছে।
আজ শনিবার (১৩ জানুয়ারি) দুপুরে মতিঝিল থানা পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য বিকেলে ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠায়। নাজমুলের বাড়ি নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার কুতুবপুর গ্রামে।
মতিঝিল থানার উপ-পরিদর্শক মো. সোহাগ চৌধুরি জানান, ওই ব্যক্তি শুক্রবার ফকিরাপুলে তাজমহল আবাসিক হোটেলের ২য় তলার একটি রুমে ভাড়া উঠেন। শনিবার সকাল থেকে হোটেলের কর্মচারীরা তার কোনো সাড়াশব্দ পাচ্ছিলেন না। দুপুর পর্যন্ত রুম না খোলায় হোটেল কর্তৃপক্ষ থানায় খবর দেয়। পরবর্তীতে হোটেলে গিয়ে রুমের দরজা ভেঙে তার লাশ উদ্ধার করা হয়।
তিনি আরও জানান, রুমের দরজা ভেতর থেকে বন্ধ ছিল। দরজা ভেঙে তাকে খাটের উপর শুয়া অবস্থায় পাওয়া যায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শারীরিক অসুস্থতার কারণে তার মৃত্যু হয়েছে। ময়নাতদন্তের প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ নিশ্চিত হওয়া যাবে।
