আলবা, বুসকেটস, মেসি গত বছরই মেজর লিগ সকারের ক্লাব ইন্টার মায়ামিতে যোগ দিয়েছিলেন। নতুন মৌসুমের আগে এক বছরের চুক্তিতে তাদের সঙ্গে যুক্ত হয়েছেন বার্সেলোনার সাবেক সতীর্থ লুইস সুয়ারেজও। এরই মধ্যে সুয়ারেজকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দিয়েছে ইন্টার মায়ামি। আনুষ্ঠানিক পরিচয় অনুষ্ঠানের পর সুয়ারেজ বললেন, সব কিছু উজাড় করে দিতে মুখিয়ে আছেন। মৌসুমে চার শিরোপাই জেতা সম্ভব বলে মনে করেন তিনি।
এরই মধ্যে একসঙ্গে অনুশীলন করেছেন মেসি-সুয়ারেজরা। তবে মাঠে আবারও একসঙ্গে ম্যাচ খেলার সুযোগ মিলবে ২০ জানুয়ারি। সেদিন এল সালভাদোরের বিপক্ষে ফ্রেন্ডলি ম্যাচ খেলবে মায়ামি।
সুয়ারেজ বলেন, 'এটা নতুন চ্যালেঞ্জ। মায়ামি আমাকে এমএলএস নিয়ে স্বপ্ন দেখার সুযোগ করে দিয়েছে। আমাদের দারুণ একটি দল আছে। সবাই জানে আমি সব কিছু উজাড় করে দিতে মুখিয়ে আছি।'
সুয়ারেজ জানান, মেসি তাকে মায়ামি নিয়ে কি কথা বলেছিলেন। 'মেসি আমাকে ইন্টার মায়ামি নিয়ে ভালো ভালো কথা বলেছে। সে যা বলেছে, তা আমার জন্য দারুণ ছিল।'
এবার ইন্টার মায়ামির চোখ সম্ভাব্য চার শিরোপাতে। সেগুলো হলো এমএলএস, লিগস কাপ, কনকাকাফ চ্যাম্পিয়নস কাপ এবং ইউএস ওপেন কাপ। সুয়ারেজও মনে করেন চার শিরোপাই জেতা সম্ভব। 'আমরা কেন চারটি শিরোপাই জিততে পারব না? এটা আসলে আমাদের ওপর নির্ভর করছে। আমরা বিষয়টা নিয়ে কথা বলতে পারি। তবে আমাদের এটা মাঠেই করে দেখাতে হবে।'
