বিআরটিএ সহকারী পরিচালকের কক্ষ থেকে টাকা উধাও

আপডেট : ১৪ জানুয়ারি ২০২৪, ০৪:৩০ পিএম

বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ) চট্টগ্রাম বিভাগীয় সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থির কক্ষ থেকে বাজেটের তিন লাখ টাকা চুরির ঘটনা ঘটেছে। সিসিটিভি ক্যামেরা দ্বারা নিয়ন্ত্রিত কক্ষ থেকে টাকা চুরির ঘটনায় কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে ধোঁয়াশার সৃষ্টি হয়েছে। এ নিয়ে একটি তদন্ত কমিটি গঠন করেছে কর্তৃপক্ষ। 

জানা গেছে, গত ১০ জানুয়ারি সংস্থাটির সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থির কক্ষ থেকে টাকা চুরির ঘটনা ঘটে। তবে এই টাকা চুরি হয়েছে নাকি কোনো কর্মকর্তা-কর্মচারী কৌশলে গায়েব করেছেন তা নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। এ ঘটনায় একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। তবে কার নেতৃত্বে ওই কমিটি গঠিত হয়েছে সে বিষয়েও কেউ মুখ খুলছেন না।
  
সংশ্লিষ্ট সুত্রের দাবি, টাকা চুরির ঘটনায় কোনো দুর্বৃত্ত জড়িত থাকার আলামত পাওয়া যাচ্ছে না। কারণ বিআরটিএ কার্যালয়টি সুরক্ষিত। নিরাপত্তার জন্য সেখানে পুলিশের পাশাপাশি একাধিক সিসিটিভি ক্যামেরা রয়েছে।

নাম প্রকাশে অনিচ্ছুক এক বিআরটিএ কর্মকর্তা জানান, একজন সহকারী পরিচালকের দপ্তর থেকে দিনে দুপুরে টাকা চুরি বা গায়েব করার ঘটনায় কোনো কর্মকর্তা-কর্মচারী জড়িত থাকতে পারেন। তবে এখন পর্যন্ত কেউ টাকা চুরির দায় স্বীকার করেননি। এদিকে টাকা চুরির ঘটনায় বিআরটিএ ৮/১০জন কর্মচারীকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছেন সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থি।

বিআরটিএ এক কর্মকর্তা জানান, যে তিন লাখ টাকা চুরি বা গায়েবের ঘটনা ঘটেছে সেগুলো বিভিন্ন খাতের বাজেটের টাকা। টাকাগুলো সহকারী পরিচালক রায়হানা আক্তার উর্থির দপ্তরে রাখা ছিল। তার দপ্তরে  কোনো সেবাপ্রার্থী অনুমতি ছাড়া ঢুকতে পারেন না।
 
বিআরটিএ অপর একটি সূত্রের দাবি, চুরি হওয়া টাকাগুলো ঘুষের। বিভিন্ন খাত থেকে দালাল চক্রের মাধ্যমে আদায় করা। 

এ বিষয়ে বক্তব্য জানতে রবিবার (১৪ জানুয়ারি) দুপুরে বিআরটিএ চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের পরিচালক শফিকুজ্জামান ভুঞা’র মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনি ফোন ধরেননি।
 
সহকারী পরিচালক (জেলা সার্কেল) রায়হানা আক্তার উর্থির মুঠোফোনে একাধিকবার কল করা হলেও তিনিও ফোন রিসিভ করেননি। পরে তার মুঠোফানে ক্ষুদে বার্তা পাঠিয়েও বক্তব্য পাওয়া যায়নি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত