প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিএনপি যতবার নির্বাচন বানচাল করতে চেয়েছে বাংলাদেশের মানুষ তাতে সাড়া দেয়নি। ৯৬ সালের ১৫ ফেব্রুয়ারি নির্বাচন হল। ৩০ মার্চ খালেদা জিয়া পদত্যাগে বাধ্য হয়। ভোট চুরির অপরাধে নাকে খত দিয়ে খালেদা জিয়ার বিদায় জানানো হয়। তারা এখন আন্দোলন করে গণতন্ত্রের জন্য। যারা গণতন্ত্রে “গ” ও বোঝে না। তারা গণতন্ত্র বানান ও করতে পারবে না। তাদের আন্দোলন হলো মানুষ পুড়িয়ে মারা। তারা জানে জ্বালাও পোড়াও। জীবন্ত মানুষগুলোকে আগুন দিয়ে পুড়িয়ে পুড়িয়ে মারা।
তিনি আজ রবিবার (১৪ জানুয়ারি) কোটালীপাড়া উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় তিনি একথা বলেন।
তিনি বলেন, তারা যতই চিৎকার করুক তাদের কথায় জনগন সাড়া দেয়নি। যারা এই ধরনের জঘন্য কাজ করেছে তাদের কোনো ছাড় নাই। তাদের বিরুদ্ধে আমরা ব্যবস্থা নেব। যারা এ ধরনের কাজগুলো করেছে তাদের খুঁজে খুঁজে বের করে এনে তাদের বিচার করবো। ইতিমধ্যে অনেককে গ্রেপ্তার করা হয়েছে, আর যারা হুমুক দাতা যারা জ্বালাও পোড়াও করার জন্য হুকুম দিয়েছে তাদেরকেও আমরা গ্রেপ্তার করছি। তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবো।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, সকল ষড়যন্ত্র ভেদ করেই আমাদের এগিয়ে যেতে হবে। সবাই আমরা একসঙ্গে কাজ করে এই বাংলাদেশকে জাতির পিতার স্বপ্নের ক্ষুধা, দারিদ্রমুক্ত, স্মার্ট বাংলাদেশ করবো। ইনশাল্লাহ। ৭ জানুয়ারির নির্বাচনে বাংলাদেশের জনগনের জয় হয়েছে। এ জয় গণতন্ত্রের জয়, এ জয় বাংলাদেশের জনগণের জয়। কাজেই বাংলাদেশের জনগণের প্রতি কৃতজ্ঞতা জানাই।
