জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২০২৩-২৪ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তি আবেদন শুরু হবে আগামী ২২ জানুয়ারি। আবেদন প্রক্রিয়া চলবে ১১ ফেব্রুয়ারি রাত ১২টা পর্যন্ত। ভর্তি প্রক্রিয়া শেষে ১০ মার্চ থেকে নতুন শিক্ষাবর্ষের শিক্ষার্থীদের ক্লাস শুরু হবে।
রবিবার (১৪ জানুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। আগ্রহী প্রার্থীকে জাতীয় বিশ্ববিদ্যালয়ের নিজস্ব ওয়েবসাইট (www.nu.ac.bd/admissions) থেকে আবেদন ফরম পূরণ করতে হবে।
জানা গেছে, গত শিক্ষাবর্ষের মতো এবারও এসএসসি ও এইচএসসির জিপিএ এবং প্রাপ্ত নম্বরের ওপর ভিত্তি করে শিক্ষার্থীদের মেধাতালিকা তৈরি করা হবে। আলাদা করে শিক্ষার্থীদের কোনো ভর্তি পরীক্ষায় অংশ নিতে হবে না।
উল্লেখ্য, জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে স্নাতক (সম্মান) কোর্স রয়েছে সারাদেশের ৮৮১টি কলেজে। এর মধ্যে সরকারি কলেজ ২৬৪টি এবং বেসরকারি ৬১৭টি। ২০২২-২৩ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে প্রথমবর্ষে ভর্তিযোগ্য মোট আসন ছিল চার লাখ ৩৬ হাজার ২৮৫টি।
