কলম্বিয়ায় ভূমিধসে নিহত বেড়ে ৩৬, নিখোঁজ ৭

আপডেট : ১৫ জানুয়ারি ২০২৪, ০৫:২০ পিএম

কলম্বিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে সাম্প্রতিক ভূমিধসে নিহতের সংখ্যা বেড়ে ৩৬ জনে দাঁড়িয়েছে। দেশটিতে ভূমিধসের ঘটনায় এখনও সাত জন নিখোঁজ রয়েছে। উদ্ধারকর্মীরা তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে। গতকাল রবিবার সরকারি পরিসংখ্যান থেকে এই তথ্য জানা যায়।

বার্তা সংস্থা এএফপি জানিয়েছে, এর আগে কর্মকর্তারা ভূমিধসে নিহতের সংখ্যা ২৩ জন বলে জানিয়েছিল। মেডেলিন এবং কুইবডো নগরীর একটি সংযোগ সড়কে এই ভূমিধসের ঘটনা ঘটে।

এরপর থেকে উদ্ধারকর্মীরা প্রাণে বেঁচে থাকা ব্যক্তিদের খুঁজে বের করতে জোরালো প্রচেষ্টা অব্যাহত রেখেছে। উদ্ধার কাজে তাদের কে নাইন ডগ স্কোয়াড এবং বুলডোজার ব্যবহার করতে দেখা যায়।

সোশ্যাল মিডিয়ায় শেয়ার করা ভিডিও ফুটেজে দেখা যায়, পাহাড়ের কিছু অংশ রাস্তায় থাকা বিভিন্ন গাড়ির ওপর ধসে পড়ে। সেখানে লোকজন চিৎকার করছিল।

এদিকে ২৪ ঘণ্টারও বেশি সময় ধরে ভারী বর্ষণের পর কলম্বিয়ার চোকো বিভাগে ভূমিধসের এই ঘটনা ঘটে। বিভাগটি প্রশান্ত মহাসাগরীয় উপকূলে অবস্থিত। সেখানে নতুন ভূমিধসের উচ্চ ঝুঁকির ব্যাপারে সকলকে সতর্ক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত