গাজীপুর সিটি করপোরেশনের (গাসিক) নগর উন্নয়ন পরিকল্পনা প্রকল্প খসড়া উন্নয়ন পরিকল্পনার ওপর এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। গতকাল সোমবার গাজীপুরের ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) এর আহসান উল্লাহ মাস্টার অডিটরিয়ামে কর্মশালাটি অনুষ্ঠিত হয়।
কর্মশালায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জায়েদা খাতুন। ডুয়েটের ভিসি অধ্যাপক ড. মো. হাবিবুর রহমানের সভাপতিত্বে কর্মশালায় বিশেষ অতিথি ছিলেন গাজীপুর সিটি করপোরেশনের সাবেক মেয়র মো. জাহাঙ্গীর আলম। আরও বক্তব্য রাখেন গাজীপুর সিটি করপোরেশনের প্রধান প্রকৌশলী আমিনুল ইসলাম, অতিরিক্ত প্রধান প্রকৌশলী আকবর হোসাইন। কর্মশালায় প্রকল্পের অগ্রগতি ও খসড়া পরিকল্পনা উপস্থাপন করেন টিম লিডার ডুয়েটের প্রফেসর ডক্টর আখতার হোসাইন চৌধুরী, ডেপুটি টিম লিডার সামাউল আল নূর। কর্মশালায় স্বাগত বক্তব্য ও প্রকল্প পরিচিতি উপস্থাপন করেন ডুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ও প্রকল্পের কো-অর্ডিনেশন টিম লিডার অধ্যাপক ড. মোজাম্মেল হক।
কর্মশালায় জানানো হয়, নগরবাসীকে মানসম্পন্ন সেবা প্রদানের জন্য একটি নগর উন্নয়ন পরিকল্পনা প্রয়োজন যার ভিত্তিতে পরিবহন ব্যবস্থা, ড্রেনেজ, নাগরিক সেবা এবং খোলা জায়গা, পার্ক, খেলার মাঠ এবং স্বাস্থ্যসেবা পরিকল্পিত হবে। সিটি করপোরেশন পরিকল্পিত নিরাপদ, স্বাস্থ্যকর, বাসযোগ্য শহর গড়ে তুলতে নগর উন্নয়ন পরিকল্পনা প্রণয়নের উদ্যোগ নিয়েছে।
