ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের দাউদকান্দির হাসানপুরে ফুটওভার ব্রিজের দাবীতে সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। মঙ্গলবার (১৬ জানুয়ারি) দুপুর ২টা থেকে ঘণ্টাব্যাপী হাসানপুর সরকারি কলেজের শিক্ষার্থীদের এ অবরোধে মহাসড়কের দুইদিকে যান চলাচল বন্ধ হয়ে যায়। এতে উভয়পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে স্থানীয় সাংসদের আশ্বাসে শিক্ষার্থীরা তাদের অবরোধ তুলে নেন।
অবরোধকারী শিক্ষার্থীরা জানান, গত ৯ জানুয়ারি মহাসড়কের হাসানপুরে রাস্তা পারাপারের সময় দুর্ঘটনায় হাসানপুর শহীদ নজরুল ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থী মীম আক্তার (১৭) নিহত হয়। ওইদিনও আমরা ফুটওভার ব্রিজের দাবীতে মহাসড়কটি অবরোধ করেছিলাম। সেসময় আমাদেরকে একসপ্তাহের মধ্যে ব্রিজের কাজ শুরু করা হবে বলে আশ্বাস দিয়েছিল উপজেলা প্রশাসন। ফুটওভার ব্রিজের কাজ শুরু না হওয়ায় আজকে আমাদেরকে আবার সড়কে বসতে হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আরফাতুল আলম বলেন, সড়ক অবরোধের খবর পেয়ে তাৎক্ষণিক ঘটনাস্থলে যাই। অবরোধকারী শিক্ষার্থীদের দাবীর বিষয়টি তাৎক্ষনিক মুঠোফোনে স্থানীয় এমপি (ইঞ্জিঃ আব্দুস সবুর) মহোদয়কে অবগত করলে তিনি মুঠোফোনেই শিক্ষার্থীদের সাথে কথা বলে শিগগিরই ফুটওভার ব্রিজের কাজ শুরু করবেন বলে আশ্বস্ত করলে শিক্ষার্থীরা মহাসড়ক ছেড়ে ক্যাম্পাসে চলে যান।
স্থানীয় সংসদ সদস্য ইঞ্জিঃ আব্দুস সবুর দেশ রূপান্তরকে বলেন, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের হাসানপুরে একটি ফুটওভার ব্রিজ নির্মাণ করার জন্য কলেজের শিক্ষার্থী ও এলাকাবাসীর দীর্ঘদিনের দাবী। ইতিমধ্যে ফুটওভার ব্রিজ নির্মাণের বিষয়টি অফিসিয়াল প্রসেসিংয়ে রয়েছে। শীঘ্রই টেন্ডার প্রক্রিয়ার মাধ্যমে ফুটওভার ব্রিজ নির্মাণ কাজ শুরু করা হবে।
