ময়মনসিংহ ও মুন্সীগঞ্জের শ্রীনগরে ছিনতাইকারীরা অটোরিকশার জন্য চালককে খুন করেছে। লৌহজংয়ে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশীরা। এ ছাড়া, গাজীপুরের কালিয়াকৈরে প্রতিবন্ধী ও ইটভাটা শ্রমিকের এবং হবিগঞ্জের মাধবপুরে উদ্ধার করা হয়েছে নারী চা শ্রমিকের লাশ। প্রতিনিধিদের পাঠানো খবর :
ময়মনসিংহ : সদরের গোপালনগর গ্রামে ছিনতাইকারীর ছুরিকাঘাতে নাজিমুদ্দিন (৩৯) নামে ব্যাটারিচালিত অটোরিকশার এক চালক নিহত হয়েছেন। নাজিম ওই গ্রামের মফিজ উদ্দিনের ছেলে।
গত মঙ্গলবার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। পরে স্থানীয়রা অটোরিকশাসহ এক ছিনতাইকারীকে আটক করে পুলিশে দেয়।
মুন্সীগঞ্জ : শ্রীনগরে ব্যাটারিচালিত অটোরিকশা ছিনতাইয়ের চেষ্টাকালে ছুরিকাঘাতে নিহত হয়েছেন চালক জসিম মুন্সী (৪০)। গত মঙ্গলবার রাত ৯টার দিকে উপজেলার রাঢ়ীখাল ইউনিয়নের কবুতর খোলা গ্রামে এ ঘটনা ঘটে।
এ সময় এক ছিনতাইকারীকে জনতা আটক করে র্যাবের কাছে সোপর্দ করে। তার নাম মো. আলী (৩৫) ।
নিহত অটোরিকশা চালক জসিম মুন্সী শ্রীনগর উপজেলার ভাগ্যকুল ইউনিয়নের মান্দ্রা গ্রামের মৃত সালাম মুন্সীর ছেলে।
লৌহজং (মুন্সীগঞ্জ) : লৌহজংয়ে কালাচান সরদার (৫২) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিবেশী দুই যুবক। গত মঙ্গলবার বিকেলে উপজেলার দক্ষিণ হলদিয়া গ্রামের ছাতি মসজিদ এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় চার নারীকে আটক করেছে পুলিশ। বাড়ির সীমানা নিয়ে বিরোধের জেরে কালাচানকে হত্যা করা হয়েছে বলে প্রতিবেশীরা জানান।
কালিয়াকৈর (গাজীপুর) : কালিয়াকৈরে গতকাল বুধবার একই দিনে পৃথক এলাকা থেকে বৃদ্ধ মানসিক প্রতিবন্ধী ও ইটভাটার শ্রমিক দুজনের লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুরে উপজেলার কুতুবদিয়া ও খলিশাজানি বমর্ণপাড়া এলাকা থেকে নিহতদের লাশ উদ্ধার করা হয়।
নিহতরা হলেন কালিয়াকৈর উপজেলার বগারপুর এলাকার গৌড়ঙ্গ বমর্ণের ছেলে রাখাল চন্দ্র বমর্ণ আনু (৭০) ও কুড়িগ্রামের উলিপুর থানার গোমবাড়ি জনতারহাট এলাকার জাফর উদ্দিনের ছেলে রফিকুল ইসলাম (৪৫)।
মাধবপুর (হবিগঞ্জ) : মাধবপুর উপজেলার দক্ষিণ বেজুড়া গ্রামের একটি পুকুর থেকে গতকাল বুধবার ভাসমান অবস্থায় এক নারী চা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সুরমা চা বাগানের আদুরি বাগচি সুনীতার (৪৫) লাশ পুকুরে ভেসে থাকতে দেখে পুলিশে খবর দেওয়া হয়। গত ১২ জানুয়ারি থেকে তিনি নিখোঁজ ছিলেন।
