বিপিএল প্লে-অফ খেলতে চায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৪, ০৫:৩৭ পিএম

গতবার সামলেছেন চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের নেতৃত্বের ভার। ১২ ম্যাচের মাত্র ৩টিতে জিতে আসর শেষ করেছিলেন টেবিলের তলানীতে থেকে। নতুন আসরে নতুনভাবে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় চট্টগ্রাম চ্যালেঞ্জার্স অধিনায়ক শুভাহত হোমের। কাল থেকে শুরু হওয়া বিপিএলের দ্বিতীয় ম্যাচে গতবারের রানার্স আপ দল সিলেট স্ট্রাইকার্সের মুখোমুখি হবে তার দল।

তার আগে গণমাধ্যমের সামনে শুভাগত বলেন, ‘একটা টুর্নামেন্টের প্রথম ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথম ম্যাচটা নিয়ে বেশ ফোকাসড আছি সবাই। অনুশীলনটা ভালোভাবে সারার চেষ্টা করছি। ব্যক্তিগত প্রস্তুতিটাও যে যেমন নেওয়ার সে তেমন নিচ্ছে। প্রথম ম্যাচটা আমরা জেতার জন্যই যাব। প্রথম ম্যাচটা ভালোভাবে শেষ করতে পারলে টুর্নামেন্টটাও ভালো যাবে।

অধিনায়কত্ব নতুন চ্যালেঞ্জ হিসেবে নিচ্ছেন কি না প্রসঙ্গে জানান, ‘চাপ হিসেবে দেখছি না। এর আগেও এনসিএল, বিসিএল সব টুর্নামেন্টে অধিনায়কত্ব করার অভিজ্ঞতা আমার আছে। আমি আমার অভিজ্ঞতাটা যেন কাজে লাগাতে পারি। আমাদের দলে তামিম, দীপু, শহিদুল, আলামিনদের মতো তরুণ খেলোয়াড় আছে। তাদের সবাই খুবই প্রতিভাবান খেলোয়াড়। সবাই সবার ভূমিকাটা জানে। সেটা পালন করতে পারলে আমার জন্য কাজটা সহজ হয়ে যাবে।

মিরপুরের উইকেট নিয়ে শুভাগত বলেন, ‘গেল বছর কিন্তু মিরপুরের উইকেটটা বেশ ভালো ছিল । আমরা আশা করব এবারও ভালো উইকেটই থাকবে। ব্যাটিং-বোলিং দুই বিভাগই যেন ভালো করতে পারে সে রকম স্পোর্টিং উইকেটের প্রত্যাশা থাকবে।

দল নিয়ে লক্ষ্যে কথাও জানান, শুভাগত। বলেন, ‘এ বছর আমাদের যে দল হয়েছে, যে খেলোয়াড় আছে, আমরা আত্মবিশ্বাসী। আমাদের প্রথম লক্ষ্য প্লে অফ নিশ্চিত করা, আমরা সে লক্ষ্যের দিকেই সকল মনোযোগ দিচ্ছি।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত