ইউনাইটেড মেডিকেল কলেজের তদন্তে আরেক কমিটি

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৬:৩২ এএম

এবার রাজধানীর সাঁতারকুলের ইউনাইটেড মেডিকেল কলেজের নানা বিষয় খতিয়ে দেখবে স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর। সেজন্য অধিদপ্তর পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি করেছে। এ কমিটি কলেজ পরিদর্শন ও তদন্ত করবে।

এর আগে ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খতনা করাতে গিয়ে পাঁচ বছরের শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় একটি তদন্ত কমিটি করে স্বাস্থ্য অধিদপ্তর। তদন্ত কমিটি হাসপাতাল পরিদর্শনে গিয়ে হাসপাতালের নিবন্ধন না থাকার বিষয়ে জানতে পারে। পরে হাসপাতাল বন্ধ করে দেওয়া হয়।

গত বুধবার স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক (প্রশাসন) ডা. মোহাম্মদ হুমায়ুন কবীর সই করা এক অফিস আদেশে এ তদন্ত কমিটি করার তথ্য জানায়। আদেশে বলা হয়, ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতাল বন্ধ ঘোষণার পরিপ্রেক্ষিতে ইউনাইটেড মেডিকেল কলেজ পরিদর্শন/তদন্তের জন্য কমিটি গঠন করা হলো। স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক (প্রশাসন) অধ্যাপক ডা. বায়জীদ খুরশীদ রিয়াজকে সভাপতি করে গঠিত তদন্ত কমিটির সদস্যরা হলেন গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আমীর হোসাইন, স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগের যুগ্ম সচিব মোহাম্মদ আবদুল কাদের, স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (সরকারি মেডিকেল কলেজ) ডা. মোহাম্মদ মাহবুবুর রহমান ও স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তরের সহকারী পরিচালক (পরিকল্পনা) ডা. সায়মা আখতার চৌধুরী।

আদেশ অনুযায়ী, কমিটি গতকাল বৃহস্পতিবার ইউনাইটেড মেডিকেল কলেজ পরিদর্শন ও তদন্ত করেছে এবং আগামী দুই কর্মদিবসের মধ্যে মহাপরিচালক স্বাস্থ্য শিক্ষা অধিদপ্তর বরাবর প্রতিবেদন দাখিল করবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত