রাজধানীতে ট্রাক চাপায় বাসচালক নিহত

আপডেট : ১৯ জানুয়ারি ২০২৪, ০৪:৪৮ পিএম

রাজধানীর যাত্রাবাড়ী গোলাপবাগ এলাকায় ট্রাক চাপায় সজীব রহমান (২০) নামে এক যুবক নিহত হয়েছে। তিনি রাইদা পরিবহন বাসের চালক ছিলেন বৃহস্পতিবার (১৮ জানুয়ারি) দিবাগত রাত সোয়া ২টার দিকে গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনের রাস্তায় এই দুর্ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত ৩টার দিকে মৃত ঘোষণা করেন।

নিহত সজিবের বাবা মো. শাহ আলম জানান, স্ত্রী নাজমা ও এক ছেলেকে নিয়ে গোলাপবাগ পুলিশ কোয়ার্টারের পেছনে থাকেন সজীব। দুই ভাই ও দুই বোনের মধ্যে বড় ছিল সজিব।

তিনি আরও জানান, বৃহস্পতিবার কাজ শেষ করে বাসায় আসছিলেন। পথে গোলাপবাগ মনোয়ারা হাসপাতালের সামনের রাস্তা পার হওয়ার সময় একটি ট্রাক তাকে চাপা দেয়। ঘটনার পর ট্রাকটি পালিয়ে যায়। খবর পেয়ে তাকে দ্রুত ঢাকা মেডিকেলে নিয়ে আসলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ঢাকা মেডিকেল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, মৃতদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত