লালমনিরহাটের হাতীবান্ধায় ভুট্টা ক্ষেতে মস্তকবিহীন অজ্ঞাত যুবকের মরদেহ পাওয়া গেছে। শুক্রবার বিকেলে উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের ৮ নং ওয়ার্ডের রমনীগঞ্জ গ্রামের একটি ভুট্টা ক্ষেতে মরদেহটি পাওয়া গেছে।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের সদস্য ফরিদুল ইসলাম বলেন, শুক্রবার বিকেলে স্থানীয় এক নারী ওই ভুট্টা ক্ষেতে ঘাস কাটতে যায়। এ সময় তিনি গলাকাটা মরদেহটি দেখতে পান। বিষয়টি স্থানীয়দের জানালে তাৎক্ষণিক থানা পুলিশকে খবর দেয়া হয়। এছাড়া ওই মরদেহটির পরিচয় এখন পর্যন্ত শনাক্ত করা যায়নি। তবে মরদেহটি ২৫ থেকে ৩০ বছর বয়সী কোনো যুবকের হতে পারে বলে ধারণা করা হচ্ছে। এছাড়া মরদেহটির মাথাটিও আশপাশের কোথাও পাওয়া যায়নি। মরদেহটির শরীরে কোনো আঘাতের চিহ্নও দেখতে পাওয়া যায়নি।
যুবকটির পরনে ফুল হাতা ডোরা কাটা রঙের শার্ট ও পরনে ফুলপ্যান্ট পরিহিত ছিল।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজলার রহমান খোকন বলেন, মরদেহটি এই এলাকার কারো নয়। মস্তকবিহীন হওয়াতে লোকজনের মরদেহটি শনাক্ত করতেও সমস্যা হচ্ছে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলাম বলেন, খবর পেয়ে সঙ্গে সঙ্গে ঘটনাস্থলের পুলিশ উপস্থিত হয়ে মরদেহের সুরতহাল সম্পন্ন করেছে। মস্তকটি উদ্ধারের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হচ্ছে। এখন পর্যন্ত মরদেহের পরিচয় কিংবা অন্য কিছু বলা সম্ভব হচ্ছে না বলেও জানান তিনি।
রেললাইনের ক্লিপ খোলার সময় যুবক আটক