জামালপুর সদর উপজেলার রানাগাছা ইউনিয়নের নান্দিনা এলাকায় রেল লাইনের স্লিপারের ক্লিপ খোলার সময় মো. শাকিল মিয়া (২৫) নামে এক যুবককে আটক করেছেন আনসার সদস্যরা। আটকের বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান।
শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে ৩টি রেল লাইনের স্লিপারের ক্লিপ উদ্ধার করা হয়।
আটক শাকিল মিয়া সদর উপজেলার রানাগাছা ইউনিয়নে বাঁদেচান্দি এলাকার মোন্তাজ আলীর ছেলে। সে মাদকাসক্ত বলে জানা যায়।
স্থানীয় ও আসনার ভিডিপি এবং পুলিশ সূত্রে জানা যায়, দুপরের দিকে ঢাকা-জামালপুর রেলপথের নান্দিনা রেলওয়ে স্টেশনের অপারেশন সুরক্ষিত যাতায়াত এলাকা থেকে রেললাইনের স্লিপারের ক্লিপ খুলে নেওয়ার সময় শাকিল নামে এক যুবককে আটক করেছে রেলের নিরাপত্তায় নিয়োজিত আনসার সদস্যরা। পরে আনসার ভিডিপি কর্মকর্তা বিষয়টি সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), স্টেশন মাস্টার ও জিআরপি থানায় অবগত করেন। জিআরপি থানা পুলিশ ঘটনাস্থলে গেলে আটক শাকিলকে তাদের কাছে হস্তান্তর করা হয়। পরে জিআরপি পুলিশ তাকে থানায় নিয়ে আসেন।
জামালপুর জেলা আনসার কমান্ড্যান্ট মিজানুর রহমান বলেন, রেললাইনের স্লিপারের ক্লিপ খুলে স্লিপার উপরে ফেলার সময় শাকিল নামে এক যুবককে হাতেনাতে আটক করে আনসার সদস্যরা। পরে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়।
এ বিষয়ে জিআরপি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাহবুবুর রহমান বলেন, ‘এ ঘটনায় রেলওয়ে থানায় একটি চুরির মামলা হয়েছে। এছাড়া আটক ব্যক্তি মাদকাসক্ত বলে জানা গেছে। তবে সে মাদকাসক্ত কিনা তা যাচাই করে দেখা হবে।’
প্রসঙ্গত, জামালপুরের ১১২ কিলোমিটার রেলপথের নিরাপত্তার জন্য ৫৬ টি পয়েন্ট ও পুলিশের চাহিদা অনুযায়ী অতিরিক্ত ৬টি পয়েন্ট মোট ৬১টি পয়েন্টে আনসার সদস্য নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। প্রতিটি পয়েন্টে ৬ জন করে ও রেল স্টেশন এবং ট্রেনের নিরাপত্তার জন্য সর্বমোট ৪৩৬ জন আনসার সদস্য নিরাপত্তার দায়িত্বে রয়েছেন।
