অদম্য ডরিতে ছুটছে কিংস

আপডেট : ২০ জানুয়ারি ২০২৪, ০৫:৫৮ এএম

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মনি স্টেডিয়ামে শেষ বিকেলে উঠল ব্রাজিলিয়ান ঝড়। তাতেই শেষ শেখ জামাল ধানম-ি ক্লাবের সমস্ত প্রতিরোধ। ৭৮ মিনিট পর্যন্ত বসুন্ধরা কিংসকে ঠেকিয়ে রেখেছিল স্বাগতিকরা। এরপরই দৃশ্যপটে আবির্ভাব ব্রাজিলিয়ান স্ট্রাইকার ডরিয়েলটন গোমেজের। আগের ফর্মটা ফিরিয়ে এনে করলেন জোড়া গোল। এরপর ব্রাজিলিয়ান প্লে-মেকার রবসন রবিনহো যোগ করা সময়ে যোগ করলেন আরেক গোল। ৩-০ গোলের জয়ে কিংসের হলো চারে চার। অটুট রইল তাদের জয়ের ধারা। রাজশাহীতে বাংলাদেশ প্রিমিয়ার লিগের আরেক ম্যাচ ২-২ ড্র হয়েছে ফর্টিজ এফসি ও রহমতগঞ্জের মধ্যে।

আগের তিন ম্যাচে ছিল পাঁচ গোল। শুক্রবারের দুই যোগে সাত গোল নিয়ে ডরিয়েলটন ছুটছেন ভীষণ বেগে। তাতে কিংসও প্রতি ম্যাচে হাসছে জয়ের হাসি। ১২ পয়েন্ট নিয়ে পয়েন্ট টেবিলে রাজত্ব তাদের। অন্যদিকে তৃতীয় হারের স্বাদ পাওয়া শেখ জামাল ৩ পয়েন্ট নিয়ে এখন আটে।

যদিও শুক্রবার মনে হচ্ছিল থামবে কিংসের জয়যাত্রা। কিংসকে গোল করতে দেব না- এই প্রতিজ্ঞা করে যেন নেমেছিলেন জামাল কিপার মাহফুজ হাসান প্রিতম। পুরো ম্যাচেই অসাধারণ খেলেছেন এই কিপার। তবে তার বীরত্ব ব্যর্থ হয়েছে ডিফেন্সের শিশুসুলভ ভুলে।

৬৮ মিনিটে কর্নার থেকে আসা বলে উজবেক ডিফেন্ডার ববুরবেকের হেড দারুণ দক্ষতায় আয়ত্তে নেন প্রিতম। তবে ৭৯ মিনিটে পারেননি দলকে বাঁচাতে। ডান দিক দিয়ে আক্রমণে উঠে রাকিব ক্রস ফেলেন ছোট ডি-বক্সে। মার্কার তাজউদ্দিনকে ছিটকে ফেলে হেড করে বল জালে জড়ান ডরিয়েলটন। নির্ধারিত সময় শেষে যোগ করা সাত মিনিটে আরও দুই গোল পায় কিংস মিগেলের ডিফেন্সচেড়া থ্রু পাস খুঁজে নিয়েছিল আনমার্কড ডরিয়েলটনকে। নিখুঁত চিপে লিগে সপ্তম গোলের দেখা পান এই ব্রাজিলিয়ান। ম্যাচ শেষের আগ মুহূর্তে দৃষ্টিকাড়া ফ্রি-কিকে ৩-০ করেন রবিনহো।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত