৮ দশমিক ৪-এও কুড়িগ্রামে কিন্ডারগার্টেন খোলা

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৫:১৬ পিএম

কুড়িগ্রাম জেলার ওপর দিয়ে ২ দিন ধরে বইছে মৃদু শৈত্যপ্রবাহ। সোমবার জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস। ফলে সকল প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকার নির্দেশনা দিয়েছে সংশ্লিষ্ট শিক্ষা বিভাগ।

চলমান শৈত্যপ্রবাহের কারণে জেলার সকল শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকলেও ভিন্ন চিত্র দেখা গেছে চিলমারী উপজেলায়। সেখানে কিন্ডারগার্টেন স্কুল খোলা রয়েছে। চলমান শৈত্যপ্রবাহে এ সকল বিদ্যালয়ে অধ্যায়নরত শিশু শিক্ষার্থীরা স্বাস্থ্যঝুঁকিতে পড়েছে।

সোমবার (২২ জানুয়ারি) সকালে সরেজমিন দেখা গেছে, চিলমারী উপজেলার ফুলকলি মেরিট কেয়ার স্কুল ও হলি চাইল্ড এভারকেয়ার প্রতিষ্ঠান খোলা রয়েছে এবং স্বাভাবিক দিনের মতোই চলছে শিক্ষা কার্যক্রম।

ফুলকলি মেরিট কেয়ারের পরিচালক আব্দুর রউফ বলেন, আমরা তো দশটায় ক্লাস শুরু করি। যেহেতু নির্দেশনা আছে, যা হোক ছুটি দিয়ে দিচ্ছি।

চিলমারী উপজেলা শিক্ষা অফিসার আবু সালেহ সরকার জানান, কিন্ডারগার্টেন তো আমাদের অধীনে না। তারা ব্যক্তিগতভাবে পরিচালনা করলে করতে পারে।

উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মিনহাজুল ইসলাম জানান, বিষয়টি নিয়ে শিক্ষা অফিসারের সঙ্গে কথা বলব। তারপর ব্যবস্থা নেব।

স্বাস্থ্যঝুঁকির বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আমিনুল ইসলাম জানান, অতিরিক্ত ঠাণ্ডা থাকলে শিশুদের কোল্ড ডাইরিয়া, নিউমোনিয়া, সর্দি কাশি, এজমা হতে পারে। যেহেতু জেলায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে এমতাবস্থায় স্কুলে শিশুদের না পাঠানোই ভালো হবে বলে তিনি মনে করেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত