জাতীয় খেলা কাবাডিকে প্রান্তিক পর্যায়ে পৌঁছে দিতে বাংলাদেশ কাবাডি ফেডারেশনের ব্যবস্থাপনায় শেষ হলো কাবাডি প্রশিক্ষক প্রশিক্ষণ (বেসিক) কোর্স-২০২৪। পরে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
সোমবার (২২ জানুয়ারি) ডিএমপি সদর দপ্তরের সম্মেলন কক্ষে প্রশিক্ষণ (বেসিক) কোর্সের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ তুলে দেন ডিএমপি কমিশনার ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের সাধারণ সম্পাদক হাবিবুর রহমান।
ডিএমপি কমিশনার বলেন, প্রশিক্ষণ একটি চলমান শিখন প্রক্রিয়া। যখন আমি অন্যকে শেখাব তখন আমাকে আরও অনেক বেশি শিখতে হয়। সিনিয়রদের কাছ থেকে এমনকি কখনও কখনও জুনিয়রের কাছ থেকেও শিখতে হয়। কাবাডি প্রশিক্ষকরা নিজেকে একটি চ্যাম্পিয়ন দলের প্রশিক্ষক হিসেবে প্রতিষ্ঠিত করবেন। চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা নিয়ে প্রশিক্ষণার্থীদের প্রশিক্ষণ দেবেন। এ প্রশিক্ষণে অংশ নেওয়া প্রত্যেকেই প্রান্তিক পর্যায়ে কমপক্ষে দশজন করে কাবাডি খেলোয়াড় তৈরি করবেন বলে আমি প্রত্যাশা করি।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত ডিআইজি ও বাংলাদেশ কাবাডি ফেডারেশনের যুগ্ম-সম্পাদক গাজী মো. মোজাম্মেল হক। এ সময় কাবাডি প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণকারী প্রশিক্ষক ও সংশ্লিষ্ট কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ১৩ জানুয়ারি গুলিস্তান কাবাডি স্টেডিয়ামে ‘কাবাডি প্রশিক্ষক প্রশিক্ষণ (বেসিক) কোর্স-২০২৪’ এর উদ্বোধন করেন ডিএমপি কমিশনার। আজ সোমবার সনদ বিতরণের মাধ্যমে ১০ দিনব্যাপী এ কোর্স সমাপ্ত হলো।
