পরিবার কল্যাণ পরিদর্শিকা নিয়োগ বাতিল কেন অবৈধ নয়: হাইকোর্ট

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ০৯:১৩ পিএম

পরিবার পরিকল্পনা অধিদপ্তরের অধীনে পরিবার কল্যাণ পরিদর্শিকা পদে ১ হাজারের বেশি পরীক্ষার্থীর লিখিত ও মৌখিক পরীক্ষা বাতিলের সিদ্ধান্তের বৈধতা নিয়ে রুল জারি করেছেন উচ্চ আদালত। পরিদর্শিকা পদে ১ হাজার ৮০টি পদের নিয়োগের পরীক্ষা বাতিলের সিদ্ধান্ত কেন অবৈধ ও বেআইনি ঘোষণা করা হবে না তা জানতে চেয়েছেন হাইকোর্ট।

এ সংক্রান্ত রিট আবেদনের ওপর শুনানি নিয়ে আজ সোমবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আতাবুল্লাহর হাইকোর্ট বেঞ্চ এ রুল জারি করেন। আদালতে রিট আবেদনের পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী জ্যোতির্ময় বড়ুয়া। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারের তুষার কান্তি রায়। চার সপ্তাহের মধ্যে স্বাস্থ্যসচিব, পরিবার পরিকল্পনা অধিদপ্তরের মহাপরিচালকসহ সংশ্লিষ্ট চার জনকে রুলের জবাব দিতে বলা হয়েছে।

ব্যারিস্টার জ্যোতির্ময় বড়ুয়া সাংবাদিকদের বলেন, ২০২০ সালের মার্চে পরিদর্শিকা পদে ১ হাজার ৮০ জনকে নিয়োগের লক্ষ্যে বিজ্ঞপ্তি জারি হয়। ৩ বছর পর গত বছরের মে মাসে লিখিত পরীক্ষায় ৭ হাজার ৬২১ জন পরীক্ষার্থী উত্তীর্ণ হন। উত্তীর্ণ এই পরীক্ষার্থীদের ১৫ মে থেকে ১৮ জুন পর্যায়ক্রমে মৌখিক পরীক্ষা সম্পন্ন হয়। কিন্তু লিখিত ও মৌখিক নেওয়া হলেও চলতি মাসের ১৪ জানুয়ারি লিখিত পরীক্ষায় অনিয়মের অভিযোগ তুলে তাদের সবার পরীক্ষা বাতিল করে নতুন পরীক্ষা নেওয়ার একটি বিজ্ঞপ্তি দেয় অধিদপ্তর। ফলাফলের চূড়ান্ত পর্যায়ে এসে এ ধরনের সিদ্ধান্তের বিরুদ্ধে হাইকোর্টে রিট আবেদন করা হলে আদালত আজ এ রুল দিয়েছেন। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত