নৌকার পরাজিত প্রার্থীর কর্মীকে গুলি ছাত্রলীগ নেতার

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ০২:০২ এএম

মুন্সীগঞ্জ সদরে দ্বাদশ সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ মনোনীত নৌকা প্রতীকের পরাজিত প্রার্থীর কর্মীকে প্রকাশ্যে গুলি করা করা হয়েছে। এতে একজন গুলিবিদ্ধসহ দুজন আহত হয়েছেন। গতকাল সোমবার বেলা ১টার দিকে রামপাল ইউনিয়নের সিপাহীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ আবিদ হাসান শোভনকে (২৭) ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই ঘটনায় আহত স্কুলশিক্ষক ও ছাত্রলীগ নেতা ফরহাদ হোসেনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে। 

এই হামলার ঘটনায় দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে জয়ী স্বতন্ত্র প্রার্থী ফয়সাল বিপ্লবের সমর্থক ও ইউনিয়ন ছাত্রলীগ সাধারণ সম্পাদক প্রান্ত শেখকে দায়ী করেছেন আহতরা।

আহত ও এলাকাবাসীর সঙ্গে কথা বলে জানা যায়, গুলিবিদ্ধ শোভন দ্বাদশ সংসদ নির্বাচনে মুন্সীগঞ্জ-৩ আসনে নৌকার প্রার্থী অ্যাডভোকেট মৃণাল কান্তি দাসের পক্ষে কাজ করেন। এ নিয়ে একই আসনের জয়ী স্বতন্ত্র প্রার্থীর সমর্থক ও রামপাল ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত শেখের সঙ্গে জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনের বিরোধ চলছিল। এরই জেরে গতকাল দুপুরে শোভনের ভাই স্কুলশিক্ষক ও জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ হোসেনকে সিপাহীপাড়া এলাকায় আটকে মারধর করতে থাকে প্রান্ত সমর্থকরা। খবর পেয়ে শোভন সেখানে গেলে প্রকাশ্যে তার পায়ে গুলি চালায় প্রান্ত। এ সময় আশপাশের লোকজন এগিয়ে এলে দলবল নিয়ে পালিয়ে যায় প্রান্ত। পরে আহত ফরহাদ ও গুলিবিদ্ধ শোভনকে মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে নিলে জরুরি বিভাগের চিকিৎসক শোভনকে ঢাকায় পাঠান।

মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক এসএম কালাম প্রধান বলেন, ‘দুপুরে দুজনকে আহত অবস্থায় আনা হয়। এর মধ্যে একজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।’

মুন্সীগঞ্জ সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে ঘটনাস্থল ও হাসপাতালে পুলিশ পাঠানো হয়। হামলার ঘটনায় জড়িতদের গ্রেপ্তারে তৎপরতা চলছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত