গাইবান্ধায় তাপমাত্রা ৮.৭, সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ 

আপডেট : ২৩ জানুয়ারি ২০২৪, ১১:৩৯ এএম

গাইবান্ধায় বইছে মৃদু শৈত্য প্রবাহ। ঘন কুয়াশা ও পশ্চিমের হাওয়াতে তীব্র শীত অনুভূত হচ্ছে। এ ঠান্ডায় বেশী দুর্ভোগে পড়েছেন নদী তীরবর্তী চরাঞ্চলসহ শ্রমজীবী  মানুষগুলো। শীতজনিত রোগে আক্রান্ত হচ্ছে শিশুসহ বয়স্ক মানুষরা। এদিকে প্রচন্ড ঠান্ডা আর তাপমাত্রা ১০ ডিগ্রীর নিচে নামার কারণে জেলার সকল প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান গতকাল সোমবার থেকে বন্ধ রয়েছে।

আজ মঙ্গলবার (২২ জানুয়ারি) সকাল ৯টায় জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৯ দশমিক ৩ ডিগ্রী সেলসিয়াস। সকাল ১০ টায় ৮ দশমিক ৭ ডিগ্রী সেলসিয়াস। গতকাল সোমবার সকাল ৯টায় ১০ দশমিক ৫ ডিগ্রী সেলসিয়াস। গত দুই সপ্তাহ ধরে এ অঞ্চলের তাপমাত্রা ৮ ডিগ্রি থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসে উঠানামা করছে। 

দুপুরে এক ঝলক সূর্যের দেখা মিললেও কুয়াশায় ঢাকা থাকছে গোটা জনপদ। প্রচন্ড ঠান্ডা আর হিমেল হাওয়ায় জবুথুবু হয়ে পড়েছে এ অঞ্চলের মানুষ। তীব্র ঠান্ডার কারণে গাইবান্ধা জেনারেল হাসপাতালে বৃদ্ধি পেয়েছে ঠান্ডা জনিত রোগে আক্রান্ত রোগীর সংখ্যাও। বিশেষ করে শিশু ডায়রিয়া ব্যাপক ভাবে ছড়িয়েছে।

গাইবান্ধা সহকারী জেলা প্রাথমিক শিক্ষা  কর্মকর্তা এস এম আরশাদ বিষয়টি নিশ্চিত করেন। তিনি মুঠোফোনে জানান, ‘মঙ্গলবার জেলার সব প্রাথমিক বিদ্যালয়ে পাঠদান বন্ধ থাকবে। তবে অফিস খোলা থাকবে। আবহাওয়া দেখে পরবর্তীতে সিদ্ধান্ত নেওয়া হবে। জেলার প্রায় ১ হাজার ৪শ প্রাথমিক শিক্ষা প্রতিষ্ঠানের পাঠদান কার্যক্রম বন্ধ রয়েছে।’ এদিকে, শীতার্ত মানুষের জন্য জেলা প্রশাসন থেকে উপজেলা নির্বাহী অফিসারের মাধ্যমে ৪৫ হাজার কম্বল বিতরণ করা হয়েছে। 

জেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে জেলায় প্রায় ৬ হাজার ৫৮০ হেক্টর জমিতে বোরো আবাদের বীজতলা তৈরি করেছেন কৃষকরা। চাহিদা রয়েছে ৫ হাজার ২৪৫ হেক্টর। 

গাইবান্ধা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক খোরশেদ আলম জানান, কুয়াশায় আপাতত বীজতলাসহ কোন ফসলের ক্ষয়ক্ষতির শঙ্কা নেই। তবে স্থানীয় ভাবে যদি শৈত্য প্রবাহ বয়ে যায়, সেক্ষেত্রে ক্ষতির সম্ভাবনা রয়েছে। আমরা সারাক্ষণ খোঁজ খবর রাখছি। আমরা কৃষকদের পরামর্শ দিচ্ছি। যাতে কোন ফসলের ক্ষয়ক্ষতি না হয়। 

রংপুর আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. মোস্তাফিজুর রহমান মুঠোফোনে জানান, আজ সকালে জেলার সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াস। এ রকম তাপমাত্রা আরও দুই একদিন অব্যাহত থাকতে পারে। 

×
সর্বশেষ সর্বাধিক পঠিত