অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠেছেন নোভাক জকোভিচ। কিছুক্ষণ আগে যুক্তরাষ্ট্রের টেইলর ফ্রিটজকে ৩-১ সেটে হারিয়ে ৪৮তম বার গ্র্যান্ড স্ল্যাম সেমিফাইনাল নিশ্চিত করেন এই সার্বিয়ান। মেলবোর্ন পার্কে টাইব্রেকারে প্রথম সেট জিতলেও পরের সেট ৬-৪ এ জিতে নেন ১২তম বাছাই। তবে দারুণভাবে ফিরে এসে ৬-২, ৬-৩ গেমে পরের দুই সেট জিতে নেন শীর্ষ বাছাই জকোভিচ।
৩ ঘন্টা ৪৫ মিনিটের লড়াই শেষে সেমি নিশ্চিত করেন জকোভিচ। আগের আট দেখার সবগুলোতেই ফ্রিটজকে হারিয়েছিলেন এ কিংবদন্তি। তবে এবার জকোভিচের মুখোমুখি হওয়ার আগে ফ্রিটজ হারান গতবারের রানার আপ স্তেফানো সিতসিপাসকে। প্রথম দুই সেটে দেখা যায় সেই প্রতিফলন। চোখে চোখ রেখে জকোভিচের মোকাবেলা করেন ফ্রিটজ। জেতেন দ্বিতীয় সেটটিও। পরে আর পেরে ওঠেননি।
জকোভিচ দাঁড়িয়ে আছেন টেনিসের বিরল রেকর্ড গড়ার প্রান্তে। আর মাত্র দুটো জয় তাকে আসীন করবে বিশ্ব টেনিসের শ্রেষ্ঠত্বের আসনে। ২৪টি গ্র্যান্ড স্ল্যাম জিতে মার্গারেট কোর্টের সঙ্গে যৌথভাবে সর্বোচ্চের রেকর্ড গড়েছেন গতবছর। এবার একমাত্র টেনিস খেলোয়াড় হিসেবে ২৫তম গ্র্যান্ড স্ল্যাম জেতার লক্ষ্য জকোভিচের।
সেমিফাইনালে তার সম্ভাব্য প্রতিপক্ষ চতুর্থ বাছাই জেনিক সিনার ও পঞ্চম বাছাই আন্দ্রে রুবলভ। কোয়ার্টারে এ দুজনের মধ্যে বিজয়ী মুখোমুখি হবেন শুক্রবারের সেমিতে। সেই ম্যাচ জিতে ফাইনালে গেলে বিশ্বের দ্বিতীয় বাছাই স্প্যানিশ তারকা কার্লোজ আলকারাজ তার প্রতিপক্ষ হওয়ার দৌড়ে সবচেয়ে এগিয়ে আছেন।
