নতুন বছরে বিশ্ব ভ্রমণে বের হবেন বলে জানালেন জায়েদ খান। সে পরিকল্পনা আগেই করে রেখেছেন। জানালেন, ২০২৪ সালের সঠিক ব্যবহার করতে পুরো বছরের কী কী করবেন ইতোমধ্যে ছক এঁকে ফেলেছেন।
তিনি বলেন, যেহেতু আমি সিনেমার মানুষ তাই এ বছর অবশ্যই দুই-তিনটি সিনেমা করব। কী কী সিনেমা করব সেগুলোর ব্যাপারে মিটিং করছি। সত্যি কথা বলতে, সিনেমার অফার পাচ্ছি আবার ওয়েব সিরিজেও ডাক পাচ্ছি। কিন্তু মন মতো হচ্ছে না, সম্মানীর একটা বিষয়ও থাকে। এসবের মধ্য থেকে বেছে দুই-তিনটি সিনেমা করব। ‘সোনার চর’সহ আরও তিনটি সিনেমা রেডি আছে, ওগুলো মুক্তি পাবে।
বিশ্ব ভ্রমণ প্রসঙ্গে জায়েদ খান বলেন, কানাডার ১০ বছরের ভিসা পেয়েছি। ফেব্রুয়ারিতে দুবাই যাব। এরপর অস্ট্রেলিয়ার মেলবোর্ন ও সিডনীতে শো করবো। লন্ডনেও আমন্ত্রণ আছে। সেখানে থেকে ইউরোপের কয়েকটি দেশে ঢুঁ দিয়ে আসবো। এ বছর এক প্রকার পৃথিবী ঘোরা হয়ে যাবে!
তিনি আরও বলেন, আমি তো প্রবাসীদের ভালোবাসার টান ও আমন্ত্রণে সফরে যাই। হাজার হাজার প্রবাসী আমাকে দেখতে আসে। তাদের কাছে গেলে কী যে ভালো লাগে সেটা ইন্টারভিউয়ে বলে বোঝানো যাবে না। অনেকে বলে, কণ্ঠশিল্পীদের বিদেশে শো-তে নিলে তারা গান করে, কিন্তু নায়করা কী করতে পারবে? আমি সেই ধারণা অনেকটা চেঞ্জ করে দেখিয়েছি নায়করা কীভাবে স্টেজ জমাতে পারে।
বিদেশে শো জায়েদ খানের কাছে ‘রথ দেখা আর কথা বেচা’র মতো। তার মতে, প্রবাসীদের সঙ্গে এনজয় করতে পারি আবার নিজে নতুন নতুন জায়গায় ঘুরতে পারি। আর প্রবাসীদের আমার নাচ, কথাবার্তা কর্মকাণ্ডে ভীষণ মজা পায়; যেটা সামনে থেকে না দেখলে বোঝা যাবে না। যদি আমাকে নিয়ে মজাই না হয় তাহলে তো আমি এতো এতো বিদেশ ট্যুরের ডাক পেতাম না। আমাকে নিতে হলে বিমানে বিজনেস ক্লাসের টিকেট দিতে হবে এবং উচ্চ সম্মানি তো আছেই! তাছাড়া ফাইভ স্টার হোটেলে থাকা সেই সঙ্গে যেখানে যাই বাউন্সার প্রটোকল তো থাকেই। যেটা সর্বশেষ অনেকেই মালয়েশিয়াতে দেখেছেন!
