জামালপুরে ডিবি পুলিশের পরিচয় দিয়ে টাকা আদায়ের সময় স্থানীয় জনতা তিন যুবককে আটক করে পুলিশে দিয়েছে। গতকাল বৃহস্পতিবার (২৫ জানুয়ারি) সন্ধ্যায় জেলার মেলান্দহ উপজেলার জটিয়ারপাড়া দাঁতভাঙ্গা ব্রীজের উপর থেকে স্থানীয়রা ওই তিনজনকে আটক করেন। এ ঘটনায় মেলান্দহ থানায় একটি মামলা হয়েছে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, মামলার বাদী মো. রাসেল আহমেদ (১৯) তার বন্ধু ফরহাদ আলী (১৮) ও তার এক বান্ধবীকে নিয়ে বৃহস্পতিবার সন্ধ্যায় দাঁতভাঙ্গা ব্রীজের উপর ঘুরতে যায়। এ সময় মাদারগঞ্জ উপজেলা বালিজুড়ি পশ্চিমপাড়া এলাকাল মো. লাবন্য (২৩) একই এলাকার মো. আকাশ (২৩) এবং মো.জোবাইদুর রহমান (২৫) তাদেরতে আটক করে নিজেদেরকে ডিবি পুলিশের সদস্য পরিচয় দিয়ে ২০ হাজার টাকা দাবি করেন। টাকা দিতে অস্বীকার করলে তাদেরকে ব্রীজের উপর থেকে ফেলে দেয়ার হুমকী দেয় তারা। উপয়ান্তর না দেখে ফরহাদ আলী তার পকেটে থাকা আড়াই হাজার টাকা আকাশের হাতে তুলে দেয়। এ সময় তাদের মোবাইল ফোন ছিনিয়ে নিলে তারা চিৎকার শুরু করেন। পরে স্থানীয়রা ওই তিনজনকে ধরে ৯৯৯ এ ফোন দিলে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।
মেলান্দহ থানার ওসি মো. রাজু আহমেদ ঘটনার সত্যতা নিশ্চেত করে বলেন, আটক ব্যক্তিদেরকে দুপুরে আদালতে প্রেরণ করা হয়েছে।
